সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে।
এছাড়াও আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে বাংলাদেশ টেলিভিশনে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ ও সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।
এমবি

