নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা বাতিল চেয়ে রিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের বিরুদ্ধে ক্যারিবিয় অঞ্চলের দেশ ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের তথ্য গোপনের অভিযোগ এনেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় পার্টির নেতা শামীম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে শামীম আহমেদ উল্লেখ করেন, নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিক। ২০২৫ সালের ২০ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে তিনি ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনি হলফনামায় এই তথ্য গোপন করা হয়েছে, যা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
গুলশান ও সবুজবাগ এলাকার একাংশ নিয়ে গঠিত এই আসনে এবার তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭ থেকে ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগের ২৩ নম্বর ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত। ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন ভোটারের এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও শামীম আহমেদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এমএইচএস

