ক্ষমতায় গেলে ‘ঐক্যের বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বিভেদ ও বিভাজনের রাজনীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির আমির শফিকুর রহমান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে শফিকুর রহমান বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের বিভিন্ন অসাম্য ও বৈষম্যের উল্লেখ করেন এবং বলেন, ‘বিভিন্ন বৈষম্যের কারণে জুলাই হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। এই সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, মুগ্ধ আবু সাঈদ, ওসমান হাদি।’
তিনি আরও বলেন, ‘দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই। দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।’
শফিকুর রহমান রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “কেবলমাত্র গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিলে এই পরিবর্তন সম্ভব। দেশের জনগণ কেমন বাংলাদেশ চায়, তা দেশের মানুষকেই ঠিক করতে হবে।”
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো আঘাত বা বাধা দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় এলে বিচার বিভাগকে আমূল পরিবর্তন করা হবে, সৎ ও যোগ্য ব্যক্তিদের বিচারকে গুরুত্বপূর্ণ পদে বসানো হবে এবং ন্যায় ও সৎ বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী অঙ্গীকারবদ্ধ।
এমএইচএস

