ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ ও জালিয়াতির অভিযোগ এনে ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিপক্ষ প্রার্থীর যোগসাজশে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সরকার ঢাকা শহরের নির্দিষ্ট কিছু আসনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং এরই অংশ হিসেবে ঢাকা-১৬ আসনে কারচুপির মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে।
সরাসরি জালিয়াতির প্রমাণ হিসেবে তিনি পল্লবী বিদ্যানিকেতন কেন্দ্রের ফলাফল শিট প্রদর্শন করেন। আমিনুল হক বলেন, ‘প্রথমে একটি কেন্দ্রের ফলাফল শিটে ধানের শীষ ৪৫৬ এবং আম প্রতীক ৫৮৩ ভোট পায়, যেখানে দাঁড়িপাল্লা ছিল শূন্য। পরবর্তীতে সেই শিট ছিঁড়ে সুকৌশলে ধানের শীষের প্রাপ্ত ৪৫৬ ভোট দাঁড়িপাল্লার ঘরে বসিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, তার কাছে এমন ৩০টিরও বেশি ফলাফল শিট রয়েছে যেখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই সিল মেরেছেন বলে তিনি ভিডিও প্রমাণ হাজির করেন।
বিএনপি নেতা আমিনুল হক আরও অভিযোগ করেন, গত ১১ তারিখ রাতে জামায়াত প্রার্থী বিভিন্ন কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কক্ষে বৈঠক করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, এই আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। আমিনুল হক বলেন, ‘আমার ৩৭৪৪টি ভোট বাতিল করে দেওয়া হয়েছে। এই ভোটগুলো কাউন্ট হলে আমি অনায়াসেই জিতে যেতাম।’
মাত্র ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠায় পুরো নির্বাচনী প্রক্রিয়াটি বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন তিনি।
এমআরআর/এমএইচএস

