ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৪
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আসনে বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে।
আজ মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদীয় দলের একটি সূত্র জানিয়েছে, ১১-দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেন।
এমএন

