Logo

রাজনীতি

নতুন মন্ত্রিসভায় নারী নেতৃত্বে তিন মুখ, পূর্ণ মন্ত্রী হলেন আফরোজা খানম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

নতুন মন্ত্রিসভায় নারী নেতৃত্বে তিন মুখ, পূর্ণ মন্ত্রী হলেন আফরোজা খানম

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। নবগঠিত এই মন্ত্রিসভায় প্রবীণ ও অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে নতুন মুখদের। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন ৪৯ সদস্যের এই মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন তিন নারী রাজনীতিক। তাঁদের মধ্যে একজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনাড়ম্বর অথচ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনায় তারুণ্য ও যোগ্যতার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিফলন দেখা গেছে মন্ত্রিসভার এই তালিকাতেও।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম। তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর ওপর আস্থা রেখেছে নতুন সরকার। পাশাপাশি, ফারজানা শারমিন পুতুলকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেখভাল করবেন।

নবগঠিত এই মন্ত্রিসভায় মোট ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। সব মিলিয়ে ৪৯ সদস্যের এই মন্ত্রিপরিষদ দেশ পরিচালনায় কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেই এখন সবার দৃষ্টি।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর