সফল রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
ছবি: সংগৃহীত
একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সফল সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি বলেন, আমরা জনগণের ট্যাক্সে পরিচালিত হই, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে মন্ত্রী বলেন, এটি কেবল প্রশাসনিক কাঠামো ঠিক করার বিষয় নয়; বরং জনগণের আস্থা পুনরুদ্ধারের বিষয়ও বটে।
গ্রামীণ জনপদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, গ্রামের মানুষ কষ্টে রয়েছে—এটি শুধু আবেগ নয়, একটি বাস্তব সামাজিক সত্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকার অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

