তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে দলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। বিদ্যমান আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারলেও একটি আসনেই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। সে অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেন।
এমবি

