নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না : বিমান প্রতিমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলাদেশের খবর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, প্রতিটি জায়গা নষ্ট হয়ে গেছে। প্রতিটি জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে। এতদিনের জঞ্জাল, এত সমস্যা দূর করতে কিছু সময় লাগবে। এজন্য আমাদের অনেক বেশি কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পুরনো সব ভুলে যেতে হবে। আমরা যে নতুন অধ্যায়ে পা দিয়েছি, এটা মনে রাখতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আর ফ্যাসিবাদের উত্থান হবে না।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিগত সময়ে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া বিমানবন্দর বন্ধ করা হয়েছে। এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। নতুন কোনো বিমানবন্দর করার উদ্যোগ নিলে এবং আমি এই মন্ত্রণালয়ে থাকলে তা ময়মনসিংহ বিভাগে করার চেষ্টা থাকবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড মার্চ মাস থেকেই শুরু হবে। দেশে বিনিয়োগ অনেক কম। বিনিয়োগ বাড়াতে সরকারের কমিটি করা হয়েছে। রোজার পর থেকেই শিগগির পরিবর্তন দেখতে পারবেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলবেন। হলুদ সাংবাদিকতা যেন না হয়। সমাজে বিশৃঙ্খলা ঘটায়— এমন সংবাদ বা বিভ্রান্তিকর খবর যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
সাংবাদিক হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিহত সাংবাদিক নাদিম হত্যার বিচার যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আর কোনো সাংবাদিককে এভাবে মৃত্যুবরণ করতে না হয়, সেটা আপনাদের কথা দিতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসুপ আলী ও পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
মেহেদী হাসান/এমবি

