Logo

রাজনীতি

ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই : জামায়াতে ইসলামী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৯

ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই : জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, অভিযুক্তরা বিএনপি বা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার হাতিরঝিলে ছয় বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নরসিংদী ও ঢাকার ঘটনাকে ‘ধর্ষণের পর পৈশাচিক হত্যা’ আখ্যা দিয়ে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

এহসানুল মাহবুব বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধে রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকা যাবে না। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা আরও বড় অপরাধ।

এদিকে জামায়াত আমির শফিকুর রহমান নরসিংদীর ঘটনায় ফেসবুক পোস্টে লিখেছেন, অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করার দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারে।

হাতিরঝিলের ঘটনা সম্পর্কে তিনি উল্লেখ করেন, ওই শিশুকে হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে—তা জনগণের কাছে স্পষ্ট। দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে নিপীড়কদের রক্ষা সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর