খালেদা জিয়ার জন্মদিন
সারাদেশে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩৯
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৫ আগস্ট শনিবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
রাজধানীসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। তাঁর দাদা হাজী সালামত আলী এবং নানা তোয়াবুর রহমান। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার।
দিনাজপুর শহরের মুদিপাড়ায় তাঁর জন্ম। তাঁর আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি।
বাংলাদেশের খবর/এইচআর

