শহীদ জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা আছে, তা ধরে রাখতে হবে : তারেক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘শহীদ জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা আছে, তা ধরে রাখার দায়িত্ব আমাদের। তার ভালো কাজগুলো যদি আমরা এখনো কন্টিনিউ (চলমান) রাখতে চাই, তাহলে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও সচেতন হতে হবে। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।’
রোববার (১৯ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক বলেন, ‘শহীদ জিয়ার যতগুলো ভিডিও ডকুমেন্ট আছে, যদিও বিগত সরকার তার অনেকগুলো নষ্ট করে ফেলেছে। যতগুলো ভিডিও পাওয়া যায়, দেখবেন তার আশি ভাগ ভিডিওতে তিনি জনমানুষের কাছাকাছি আছেন। তিনি খাল কাটছেন, কিংবা গ্রামের কৃষক ও গৃহস্থের সাথে কথা বলছেন। অর্থাৎ তিনি মানুষের মধ্যে আছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা তো জিয়ারই নেতাকর্মী, তারই ফলোয়ার, তাহলে কেন আমরা তার মতো কাজ করতে পারব না?’
তিনি বলেন, ‘আমি যে দেশে থাকি, সেখানে ৪০০ বছর ধরে গণতন্ত্রের চর্চা হচ্ছে। সেখানে সরকারিভাবে মানুষ তাদের অধিকার পাচ্ছে। তার মানে অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষকে কথা বলতে দিতে হবে।’
ডিআর/এমজে

