জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে : আমির খসরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২২ জানুয়ারি) সকাল জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আমির খসরু বলেন, ‘আজকে অনেকে সংস্কারের কথা বলছেন। অথচ রাষ্ট্রসংস্কারে আমাদের ৩১ দফা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ বছর আগেই দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেখানে জাতীয় সরকারের কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও রাষ্ট্র সংস্কার করা হবে। যেখানে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।’
তিনি বলেন, ‘এই আন্দোলনের কৃতিত্ব যারা একাই নিজেদের মনে করছে, তারা তো প্রবাসীদের আন্দোলন দেখেনি। অত্যাচারিত হয়েও খালেদা জিয়া ফ্যাসিস্টদের সঙ্গে আপস করেননি।’
আমির খসরু আরও বলেন, ‘বেগম জিয়া আপস না করে বছরের পর বছর জেল খেটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে অবদান রেখেছেন। আর আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকে সারাবিশ্বে এই আন্দোলনকে বেগবান করেছেন। আওয়ামী লীগ জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না বলেই ফ্যাসিস্ট হয়েছে।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি এই সরকারকে সব সময় সহযোগিতা করে আসছে। এই সরকারের প্রথম কাজ একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। যাতে জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার ফিরে পায়।’
গণতন্ত্রের বাইরে যাবার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি একমাত্র পথ। এই সরকারকে সমর্থন ও সহযোগিতা করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কিছু করতে গেলে মানুষের মনেও ভিন্ন চিন্তা আসতে পারে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টের আগমনের জন্য আবারও পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। শেখ হাসিনা পালাবার পরে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেটা আমাদের বুঝতে হবে। তা না বুঝলে উপায় নেই।’
এএইচএস/এমজে
এএইচএস/এমজে

