Logo

বিএনপি

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আব্দুর রহিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৩৪

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আব্দুর রহিম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে তরুণ নেতৃত্ব ও সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দল। ইতোমধ্যে সম্ভাব্য নেতাদের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে চলছে যাচাই-বাছাই। সবকিছু ঠিক থাকলে চলতি মাস বা আগামী মাসের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি সাংগঠনিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর অন্যতম কারণ, সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংগঠনের কার্যক্রমে আগের মতো সময় দিতে পারছেন না। এর মধ্যে রাজীব আহসান প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তারা দুজনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতির ইচ্ছার কথা জানিয়েছেন। এরপর থেকেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আরও গতি পেয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।

নতুন নেতৃত্বে জায়গা পেতে এখন নানামুখী তৎপরতা চালাচ্ছেন পদপ্রত্যাশীরা। সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির শীর্ষ পদে বর্তমান কমিটি থেকে যেমন নেতৃত্ব আসতে পারে, তেমনি বাইরে থেকেও নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা এবং রাজনৈতিক ধারাবাহিকতা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম রবিন, ইয়াসিন আলী, নাজমুল হাসান, আব্দুর রহিম হাওলাদার এবং কাজী মোক্তার হোসেন।

তবে সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আব্দুর রহিম হাওলাদার। দলীয় নেতাকর্মীদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং পরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র আরও জানায়, নতুন নেতৃত্ব নির্বাচনে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, মামলা-হামলার শিকার হওয়া এবং সাংগঠনিক ধারাবাহিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়ার বিষয়টি এবার স্পষ্টভাবে বিবেচনায় রয়েছে।

আগামী কমিটিতে এমন তরুণ ও সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে, যারা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন, মামলা-হামলা কিংবা গুমের মতো পরিস্থিতির শিকার হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে, পদপ্রত্যাশী আব্দুর রহিম হাওলাদার বলেন, “আমি ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে আসছি। আমার অবস্থান থেকে সংগঠন ও দলকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। দলের দুর্দিনে মাঠে ছিলাম। মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। কারাভোগ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।”


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন