ছবি : সংগৃহীত
জুমার দিন হলো সপ্তাহের সর্বোত্তম দিন। এ দিনকে মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। জুমাবারকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলেও আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘ জুমার দিনকে আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন’ (ইবনে মাজা : ৯০৮)।
হাদিসের আলোকে জুমার দিনে মুসলিম উম্মাহর করণীয় বিশেষ কিছু আমল রয়েছে। আমলগুলো করার মাধ্যমে নারী-পুরুষ উভয়ে সমান ফজিলত লাভ করবেন। তবে, যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি যে আমলগুলো রয়েছে, তার সবগুলোই নারী-পুরুষ উভয়ই করতে পারেন। যেমন : গোসল করা, নখ কাটা, বেশি বেশি দরুদ পাঠ, সুরা কাহাফ তেলাওয়াত, দোয়ার প্রতি মনোনিবেশ করা ইত্যাদি।
জুমাবারে নারীরা জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। হজরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘নারীদের ঘরে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম’ (আল মু’জামুল আওসাত ৯১০১)।
এছাড়া জুমার দিনে পুরুষদের সাওয়াব অর্জনে সহায়তা করবেন নারীরা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সওয়াব পাবে। অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে। তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না (আবু দাউদ ৪৬০৯)।
ডিআর/এটিআর

