Logo

ধর্ম

রোজাদারের জন্য বিশেষ দুটি আনন্দ

Icon

মাহফুজ হোসাইনী

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:১৭

রোজাদারের জন্য বিশেষ দুটি আনন্দ

রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। এটি এমন এক ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি ও বৈধ চাহিদাকেও সংযত রাখে। কোরআন ও হাদিসে রোজার ফজিলত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। এই মহান ইবাদতের প্রতিদান হিসেবে আল্লাহতায়ালা রোজাদারকে বিশেষ দুটি আনন্দ দান করেন-একটি দুনিয়াতে এবং অন্যটি আখিরাতে।

প্রথম আনন্দ: রোজাদারের প্রথম বিশেষ আনন্দটি হলো ইফতারের সময়ের আনন্দ। দীর্ঘ সময় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পর যখন রোজাদার ইফতার করে, তখন তার অন্তরে এক অনাবিল প্রশান্তি নেমে আসে। এই আনন্দ শুধু খাবার গ্রহণের আনন্দ নয়; বরং আল্লাহর আদেশ পালন করতে পারার আত্মতৃপ্তি। সারাদিনের সংযম ও অপেক্ষার পর ইফতারের মুহূর্তে রোজাদার অনুভব করে যে আল্লাহ তার কষ্ট দেখছেন এবং তাকে পুরস্কৃত করছেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে: এক আনন্দ তার ইফতারের সময়, আর এক আনন্দ তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয়’ (সহিহ মুসলিম, হাদিস: ১১৫১)।

দ্বিতীয় আনন্দ: রোজাদারের দ্বিতীয় আনন্দটি হলো আখিরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়ের আনন্দ। কেয়ামতের দিন যখন রোজাদার তার পালনকর্তার সামনে উপস্থিত হবে এবং তার রোজার প্রতিদান লাভ করবে, তখন সে এক মহাসুখ ও গৌরবের আনন্দ অনুভব করবে। দুনিয়ার সাময়িক কষ্ট তখন তুচ্ছ মনে হবে। আল্লাহর পক্ষ থেকে সম্মান, ক্ষমা ও জান্নাতের সুসংবাদ- এই আনন্দের কোনো তুলনা নেই। এই আনন্দ চিরস্থায়ী, যা কখনো শেষ হবে না।

পরিশেষে বলা যায়, রোজা মানুষের জন্য কষ্টকর হলেও এর ফলাফল অত্যন্ত মধুর। রোজাদারের জন্য নির্ধারিত এই দুটি বিশেষ আনন্দ- একটি দুনিয়ায় ইফতারের সময় এবং অন্যটি আখিরাতে আল্লাহর সাক্ষাতের সময়- রোজার প্রকৃত মর্যাদা ও মহিমাকে স্পষ্টভাবে তুলে ধরে। তাই প্রত্যেক মুমিনের উচিত ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে রোজা পালন করা এবং এই মহান আনন্দ লাভের জন্য নিজেকে প্রস্তুত করা।

লেখক : আলেম, সাংবাদিক।

বিকেপি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর