ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার যে ঘটনার কথা বিশ্ব আজো স্মরণ করে, তা হলো বদরের যুদ্ধ। যা সংঘটিত হয় ৬২৪ খ্রিস্টাব্দে, ২ হিজরির ১৭ রমজানে। আরব উপদ্বীপের মরুপ্রান্তরে এই ঐতিহাসিক সংঘর্ষ শুধু একটি সামরিক লড়াই ছিল না; এটি ছিল সত্য ও মিথ্যার, আদর্শ ও অহংকারের মুখোমুখি অবস্থান।
বদরের প্রেক্ষাপট ছিল অত্যন্ত প্রতিকূল। মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, আর মক্কার কুরাইশ বাহিনী ছিল এক হাজার সশস্ত্র যোদ্ধা। অস্ত্র, রসদ, বাহন-সব দিক থেকেই মুসলমানরা ছিল দুর্বল। তারপরও এই স্বল্পসংখ্যক দলটি দৃঢ় বিশ্বাস, নৈতিক শক্তি ও সুশৃঙ্খল নেতৃত্বের কারণে বিজয় অর্জন করে।
সাহস, কৌশল ও আধ্যাত্মিক প্রেরণার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বিশ্বনবী মুহাম্মদ (সা.)। তাঁর নেতৃত্বই সংখ্যার ঘাটতিকে শক্তিতে রূপান্তরিত করেছিল। তিনি বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন- আদর্শ সংখ্যার চেয়ে শক্তিশালী।
কুরাইশ বাহিনী সংখ্যায় বড় হলেও তাদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ ও ক্ষমতা রক্ষা; অন্যদিকে মুসলমানদের লক্ষ্য ছিল ন্যায় ও সত্য প্রতিষ্ঠা। বদরে অংশগ্রহণকারী সাহাবিরা জানতেন, তাদের সংগ্রাম কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং একটি নৈতিক সমাজ গঠনের জন্য।
বদর আমাদের শেখায়- সংখ্যাগরিষ্ঠতা নয়, আদর্শ, শৃঙ্খলা ও ইমানই প্রকৃত শক্তির উৎস। বদরের শিক্ষা কেবল ধর্মীয় বা ঐতিহাসিক নয়; এটি সমকালীন সমাজের জন্যও প্রাসঙ্গিক।
আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি- সংখ্যা, ক্ষমতা ও সম্পদকে সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে ধরা হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, নৈতিক ভিত্তি দুর্বল হলে বৃহৎ শক্তিও টিকে থাকতে পারে না। একটি প্রতিষ্ঠান, আন্দোলন বা জাতি- যদি সৎ আদর্শ, সততা ও ঐক্যের ওপর দাঁড়ায়, তবে তারা প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয়। আর যদি বাতিল, ভ্রান্তি, মুনাফেকি বা ধোঁকার ওপর ভিত্তি করে অগ্রসর হয়; তাহলে ধ্বংস অনিবার্য।
পরিশেষে বলা যায়, বদরের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়- সত্য ও আদর্শে দৃঢ় থাকলে স্বল্পসংখ্যক মানুষও ইতিহাস বদলে দিতে পারে। সংখ্যার অহংকার নয়, নৈতিক শক্তিই চূড়ান্ত বিজয়ের পথ দেখায়। তাই বদরের শিক্ষা আজও প্রাসঙ্গিক: প্রকৃত শক্তি আসে অন্তরের বিশ্বাস, ন্যায়ভিত্তিক আদর্শ এবং সুশৃঙ্খল ঐক্য থেকে। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। আমিন।
লেখক : আলেম, সাংবাদিক
বিকেপি/এমবি

