Logo

ধর্ম

জাকাত ও সদকাতুল ফিতরের আলোকে রমজান

আত্মশুদ্ধি, সামাজিক দায়িত্ব ও অর্থনৈতিক সমতার শিক্ষা

Icon

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২২:২৪

আত্মশুদ্ধি, সামাজিক দায়িত্ব ও অর্থনৈতিক সমতার শিক্ষা

রমজান কেবল উপবাসের মাস নয়; এটি মানুষের অন্তরকে শুদ্ধ করা, নৈতিক চরিত্র দৃঢ় করা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার এক মহিমান্বিত সময়। এই মাসে ইসলাম এমন কিছু আর্থিক ইবাদতের বিধান দিয়েছে, যা ব্যক্তি ও সমাজ- উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলে। জাকাত ও সদকাতুল ফিতর তারই দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একটি সম্পদের পবিত্রতা নিশ্চিত করে, অন্যটি রোজার পূর্ণতা সাধন করে। ফলে রমজান ব্যক্তি ও সমাজকে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে এবং সমাজমুখী চিন্তাভাবনার প্রতি উদ্বুদ্ধ করে।

ইসলামে সম্পদ ও দায়িত্ববোধ

ইসলামের দৃষ্টিতে সম্পদ মানুষের একচ্ছত্র অধিকার নয়; বরং এটি আল্লাহ প্রদত্ত এক আমানত। মানুষ সম্পদের প্রকৃত মালিক নয়, বরং ব্যবহারকারী। তাই সম্পদ অর্জন করার সঙ্গে সঙ্গে তা ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহর বিধান মেনে চলা অপরিহার্য। ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দিলেও দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণ করে। এই বিধান সমাজে ধনী-গরিবের ব্যবধান সীমিত রাখে এবং পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠায় সহায়ক।

সম্পদ সামাজিক দায়িত্বের সাথে যুক্ত থাকলে সমাজের অবকাঠামো শক্তিশালী হয়। ধনীদের জন্য এই বিধান এক শিক্ষণীয় দিক: তারা যেন তাদের সম্পদ সঞ্চয় করে শুধু ব্যক্তিগত স্বার্থে নয়, বরং সমাজের ক্ষুদ্র ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে ব্যবহার করে। এভাবেই অর্থনৈতিক ভারসাম্য, ন্যায্য বণ্টন এবং সামাজিক শান্তি নিশ্চিত করা যায়।

জাকাত: ফরজ ইবাদত ও সামাজিক ন্যায়

জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এবং একটি বাধ্যতামূলক ফরজ ইবাদত। এটি শুধু দান নয়; বরং দরিদ্রদের প্রাপ্য অধিকার আদায়ের একটি বিধিবদ্ধ প্রক্রিয়া। কোরআন ও হাদিসে জাকাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন:নিশ্চয়ই নামাজ ও জাকাত অভ্যস্তদের জন্য বিধি।- (সুরা বাকারাহ :৪৩)

জাকাত মানুষকে কৃপণতা, আত্মকেন্দ্রিকতা এবং অতিরিক্ত সম্পদপ্রীতি থেকে মুক্ত করে। একই সঙ্গে এটি সমাজে দায়িত্বশীলতা, ন্যায়বোধ এবং পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করে। ইসলামের ইতিহাসে জাকাতভিত্তিক সমাজব্যবস্থা দারিদ্র্য হ্রাস, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। সঠিকভাবে জাকাত আদায় ও বিতরণ করলে সমাজে ভিক্ষাবৃত্তি, অপরাধপ্রবণতা এবং শ্রেণিগত বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসে।

কার ওপর জাকাত ফরজ

প্রাপ্তবয়স্ক, সুস্থ বিবেকসম্পন্ন মুসলিম নারী-পুরুষের নিকট নিত্যপ্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে নেসাব পরিমাণ সম্পদ যদি পূর্ণ এক বছর স্থায়ী থাকে, তবে তার ওপর জাকাত ফরজ হয়। জাকাতের হার নির্ধারিত- মোট সম্পদের ২.৫ শতাংশ। এই হার প্রমাণ করে, ইসলাম কখনোই ধনীদের ওপর অযৌক্তিক বোঝা চাপায় না; বরং সামান্য অংশের মাধ্যমে বৃহত্তর সামাজিক কল্যাণ নিশ্চিত করে।

নেসাব ও সময়কাল

জাকাত ফরজ হওয়ার জন্য শরিয়তে ন্যূনতম সম্পদসীমা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে সাড়ে ৭ ভরি, রুপার ক্ষেত্রে সাড়ে ৫২.৫ ভরি, অথবা সমপরিমাণ নগদ অর্থ ও ব্যবসায়িক সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। যে ব্যক্তি এক হিজরি বছর আগে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এবং তা বর্তমান বছর পর্যন্ত অক্ষুণ্ন রয়েছে, তাকে চলতি বছরে জাকাত আদায় করতে হবে।

জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের প্রবাহ নিশ্চিত হয়। এটি শুধুমাত্র দরিদ্রের দারিদ্র্য লাঘব করে না, বরং ধনী-গরিবের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা গড়ে তোলে।

জাকাতের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব

জাকাত সমাজে সম্পদের ভারসাম্য রক্ষা করে। এটি ধনীর সম্পদে স্থবিরতা রোধ করে এবং দরিদ্রের অর্থনৈতিক সচলতা বাড়ায়। ফলে সমাজে ধনী ও দরিদ্রের সম্পর্ক দয়া ও অনুগ্রহের ভিত্তিতে নয়, বরং দায়িত্ব ও অধিকার অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। জাকাতভিত্তিক সমাজে দারিদ্র্য হ্রাস পায়, ভিক্ষাবৃত্তি ও অপরাধ প্রবণতা কমে এবং সম্পদের অভ্যন্তরীণ প্রবাহ ধারাবাহিকভাবে থাকে। এটি ইসলামের অর্থনৈতিক দর্শনের অন্যতম মৌলিক দিক, যেখানে সমতার মধ্যে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়।

ইতিহাসে দেখা যায়, প্রাচীন মদিনা শহরে জাকাত নিয়মিত আদায়ের মাধ্যমে দরিদ্ররা খাদ্য, চিকিৎসা এবং শিক্ষা সুবিধা পেত। এটি কেবল আর্থিক সুশৃঙ্খলতা নিশ্চিত করত না, বরং সমাজে নৈতিক ও সামাজিক বন্ধনও দৃঢ় করত।

সদকাতুল ফিতর: রোজার পূর্ণতা ও ঈদের সামাজিক সাম্য

সদকাতুল ফিতর ওয়াজিব ইবাদত, যা রমজানের শেষে রোজার ত্রুটি-বিচ্যুতি পূরণ এবং দরিদ্রদের ঈদে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আদায় করা হয়। মানুষের রোজা পালনকালীন অনিচ্ছাকৃত ভুল- যেমন অশ্লীল কথা, অযথা ব্যয় বা আচরণে অনুতাপ- সদকাতুল ফিতরের মাধ্যমে পরিপূর্ণভাবে শোধ হয়।

এটি ঈদের আনন্দকে সর্বজনীন করে তোলে। সমাজের কোনো মানুষ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়- এই মানবিক উদ্দেশ্যই সদকাতুল ফিতরের মূল।

হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ থেকে রমজানের রোজাকে পবিত্র করার জন্য এবং গরিবদের খাবারের ব্যবস্থা করার জন্য।- (আবু দাউদ: ১৬০৯)

ফিতরার নেসাব ও আদায়ের সময়

যার কাছে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় জাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকে, তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখানে এক বছরের সম্পদ মালিকানার শর্ত নেই। নিজের পাশাপাশি স্ত্রী, সন্তান এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের পক্ষ থেকেও ফিতরা আদায় করা দায়িত্ব। উত্তম সময় হলো ঈদের নামাজের পূর্বে। ঈদের আগে আদায় করলে দরিদ্ররা যথাযথ প্রস্তুতি নিতে পারে, যা ইবাদতের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাকাত-ফিতরার খাত ও ব্যবহার

জাকাত ও সদকাতুল ফিতর কোরআনে নির্ধারিত আটটি খাতে ব্যয় করতে হয়। শরিয়তের বাইরে অন্য কোনো প্রকল্পে বা সংগঠনে অর্থ ব্যয় করলে তা গ্রহণযোগ্য হবে না। এই বিধান নিশ্চিত করে যে, অর্থ সরাসরি প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায় এবং ইবাদতের উদ্দেশ্য পূর্ণ হয়।

পরিশেষে বলতে চাই, জাকাত ও সদকাতুল ফিতর ইসলামের আর্থিক ব্যবস্থার দুটি অপরিহার্য স্তম্ভ। জাকাত সমাজে অর্থনৈতিক ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করে, আর সদকাতুল ফিতর রমজানের ইবাদতকে পূর্ণতা দিয়ে ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দেয়। রমজান আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি ও সমাজকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করতে পারি, আমরা প্রকৃতপক্ষে জীবনের উদ্দেশ্য পূর্ণ করেছি। সম্পদ ও সময়ের যথাযথ ব্যবহার, দরিদ্রের অধিকার সুনিশ্চিত করা এবং আত্মশুদ্ধি অর্জন- এগুলোই রমজানের মূল শিক্ষা।

লেখক: কলাম লেখক ও ধর্ম বিষয়ক প্রবন্ধকার 

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় ইসলামি গবেষণা সেন্টার 

ই-মেইল: [email protected]

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর