মা আমেনা ঘুমান যখন ছোট্ট কুটির ঘরে
স্বামীহারা বেদন ব্যথায় শোকের বারিষ ঝরে
ভাবনাতে চিন্তা ভীষণ আসছে যে তাঁর ঘরে
বাবার আদর পাবে না সে দুনিয়া আসার পরে।
খালিক হাসেন স্বকীয়তায় মহিমায় কুদরতি
তাঁর হাবিবের হচ্ছে গমন অযুত নূরের জ্যোতি
আদিপিতা আদম আসেন স্বপ্নে মায়ের চোখে
সুসংবাদের তৃপ্তি লাভে আবেগ জমে সুখে।
পরম খলিল ইব্রাহিমকে পাঠান আবার তিনি
খুশখবরি বাণী শুনান রাসুলের আগমনী
মা আমেনা বুঝতে পারেন গর্ভতে তাঁর যিনি
কুল কায়েনার জন্য জনম রহমের স্রোতস্বিনী।
শতেক নবী রাসুল এসে সালাম শুধায় তাঁকে
আকাশের ওই ফেরেস্তারাও আসেন স্বপ্ন বাঁকে
জগৎ শ্রেষ্ঠ মা আমেনা সংবাদ ইশারাতে
চিন্তা সকল দূরীভূত হয়! সুখ নামে ভাবনাতে।

