সংগৃহীত
ইসলামে কোরবানি ও আকিকা-দুটি পৃথক আমল এবং উভয়ের বিধানও ভিন্ন। কোরবানি হলো সামর্থ্যবান মুসলমানের জন্য ওয়াজিব ইবাদত, আর আকিকা সুন্নত বা মুস্তাহাব আমল। তাই কোরবানির পরিবর্তে শুধু আকিকা করাকে শরিয়তসম্মত বিকল্প হিসেবে ধরা হয় না।
ঈদুল আজহার ১০, ১১ ও ১২ জিলহজ-এই তিন দিনের মধ্যে সামর্থ্যবান ব্যক্তিকে কোরবানি আদায় করতে হয়। নির্ধারিত সময়ে কোরবানি আদায় না করলে গুনাহ হবে। অন্যদিকে সন্তানের জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম হলেও পরে যেকোনো সময় তা আদায় করা যায়। নির্ধারিত সময়ে আকিকা না করলে গুনাহ হয় না।
ফিকহবিদদের মতে, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলেও যদি ঋণ পরিশোধের পর তার কাছে নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।
এখানে ‘নেসাব’ বলতে বোঝায়-কোরবানির দিনগুলোতে প্রয়োজনীয় খরচ ও ঋণ বাদ দিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদের মালিক হওয়া।
তবে কোরবানি ও আকিকা একসঙ্গে আদায়ের সুযোগ রয়েছে। গরু, মহিষ বা উটের কোরবানিতে শরিক হয়ে আকিকার নিয়ত করা যায়। সে ক্ষেত্রে ছেলের জন্য দুই অংশ এবং মেয়ের জন্য এক অংশ নির্ধারণ করা হয়। এতে একই পশুতে কোরবানি ও আকিকা-উভয় আমল আদায় হয়ে যাবে।
বাংলাদেশেরখবর/আরকে

