দক্ষ ইমাম সমৃদ্ধ সমাজ অঙ্গীকারে ‘আস সাহাবা ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২০:৫৩
ছবি: সংগৃহীত
দক্ষ ইমাম তৈরি, শিক্ষা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্বীনি খেদমতের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ’।
শনিবার (২৩ মে) সাভারের বাগানবাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সংগঠনের ঘোষণা দেন তারা।
মুফতি রফিকুল ইসলাম সরদারকে আহ্বায়ক এবং মাওলানা বদরুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। উপদেষ্টা প্যানেলে রয়েছেন নারায়ণগঞ্জের দারুল উলুম দেওভোগ মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা শাহ আবু তাহের জিহাদী ও লন্ডনের আল ইমদাদ একাডেমির ইমাম ও খতিব মাওলানা নুরুল আমীন।
আস সাহাবা ফাউন্ডেশনের উদ্যোক্তা মাওলানা শায়েখ আতিকুল্লাহ বিন রফিক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা থেকে ‘আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ’ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো।
মুফতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও মাওলানা বদরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা সংস্কার প্যানেলের ইমাম ও খতিবরা।
বাংলাদেশের খবর/আরইউ

