মাদরাসার শিক্ষাজীবনে ছুটি যেমন প্রয়োজন, তেমনি ছুটির পর নতুন মা উদ্যমে শিক্ষাজীবনে ফিরে আসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা যখন আবার মাদরাসায় ফিরে আসে, তখন তাদের মন-মানসিকতা আগের মতো পড়াশোনায় নিবিষ্ট নাও থাকতে পারে। কেউ পারিবারিক ব্যস্ততায়, কেউ ভ্রমণে, কেউ আবার নানা সমস্যায় সময় কাটিয়ে আসে।
ছুটির পর প্রথম দিনের পরিবেশ, উস্তাদের আচরণ এবং কিছু আন্তরিক কথাবার্তা একজন শিক্ষার্থীর পরবর্তী পুরো সেশনের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। একজন আদর্শ উস্তাদ কেবল পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের হৃদয় গঠন করেন, তাদের স্বপ্নকে জাগিয়ে তোলেন এবং জীবনের সঠিক পথ দেখান।
আন্তরিক খোঁজ-খবর নেওয়া
ছুটির পর প্রথম দিনেই একজন উস্তাদের উচিত শিক্ষার্থীদের আন্তরিকভাবে খোঁজ-খবর নেওয়া। কে কেমন আছে, পরিবারের সবাই সুস্থ আছে কি না, ছুটির সময় কীভাবে কাটিয়েছে, কোনো অসুস্থতা বা পারিবারিক সমস্যা হয়েছে কি না- সব জানতে চাওয়া শুধু সৌজন্য নয়; এটি একজন প্রকৃত মুরাব্বি ও অভিভাবকের পরিচয়।
অনেক সময় একটি শিক্ষার্থী এমন কিছু মানসিক বা পারিবারিক সংকটের মধ্য দিয়ে যায়, যা সে কাউকে বলতে পারে না। কিন্তু উস্তাদের আন্তরিক প্রশ্ন তার হৃদয়ের দরজা খুলে দেয়। সে অনুভব করে- 'আমার উস্তাদ আমাকে ভালোবাসেন, আমার খোঁজ রাখেন।' এই অনুভূতি শিক্ষার্থীর মধ্যে নিরাপত্তাবোধ, আত্মবিশ্বাস এবং উস্তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টি করে। ভালোবাসার সম্পর্ক তৈরি হলে শিক্ষা গ্রহণও অনেক সহজ হয়ে যায়।
সময়ের মূল্য স্মরণ করিয়ে দেওয়া
ছুটি শেষ হয়েছে, এখন নতুন করে সময়কে কাজে লাগানোর সুযোগ এসেছে। শিক্ষার্থীদের মনে এই উপলব্ধি জাগিয়ে তুলতে হবে যে, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। হারিয়ে যাওয়া অর্থ ফিরে পাওয়া যায়, কিন্তু চলে যাওয়া একটি মুহূর্তও আর ফিরে আসে না। শিক্ষার্থীদের বুঝিয়ে বলতে হবে, আজকের একটি ঘণ্টার অবহেলা আগামী দিনের বড় ক্ষতির কারণ হতে পারে। যারা সময়ের মূল্য বুঝে, নিয়মিত পড়াশোনা করে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে, তারাই সফলতার পথে এগিয়ে যায়। অলসতা, গাফিলতি ও অযথা সময় নষ্ট করার অভ্যাস একজন মেধাবী শিক্ষার্থীকেও পিছিয়ে দিতে পারে। তাই নতুন সেশনের শুরুতেই সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা অত্যন্ত জরুরি।
নতুন লক্ষ্য নির্ধারণের আহ্বান
প্রতিটি নতুন সূচনা নতুন স্বপ্ন দেখার সুযোগ এনে দেয়। ছুটির পর শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে যেন তারা নিজেদের জন্য কিছু বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে।
কেউ অঙ্গীকার করবে-এবার আগের চেয়ে ভালো ফলাফল করবে। কেউ ঠিক করবে-প্রতিদিন নির্ধারিত সময়ে মুতালাআ করবে। কেউ নিজের হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে। কেউ কোরআন তিলাওয়াত আরও শুদ্ধ করবে। কেউ নিজের আখলাক উন্নত করবে, মিথ্যা, ঝগড়া ও অসৌজন্যমূলক আচরণ থেকে দূরে থাকবে।
লক্ষ্যহীন জীবন দিকহীন নৌকার মতো। আর লক্ষ্য নির্ধারণ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, পরিশ্রমী করে এবং সফলতার দিকে পরিচালিত করে।
উস্তাদ যদি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে উদ্বুদ্ধ করেন এবং মাঝেমধ্যে সেই লক্ষ্য সম্পর্কে খোঁজ নেন, তাহলে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে।
ইলমের মর্যাদা ও নিয়তের বিশুদ্ধতা
শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে হবে, তারা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়ছে না; বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, দ্বীনের খেদমত এবং মানবতার কল্যাণের জন্য ইলম অর্জন করছে। ইলম একটি ইবাদত। তাই এর শুরু হওয়া উচিত বিশুদ্ধ নিয়তের মাধ্যমে।
উস্তাদদের উচিত শিক্ষার্থীদের নিয়ত নবায়নের আহ্বান জানানো এবং বোঝানো যে, যে ইলম মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, সেটিই প্রকৃত সফলতার পথ। নিয়ত বিশুদ্ধ হলে পড়াশোনার কষ্টও ইবাদতে পরিণত হয়।
ছুটির সময়ের কাজের মূল্যায়ন
অনেক উস্তাদ ছুটির আগে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বাড়ির কাজ দিয়ে থাকেন। এসব কাজ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তাই ছুটির পর প্রথম দিনেই বাড়ির কাজগুলো যত্নসহকারে দেখা উচিত। কে কতটুকু আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, কোথায় ভুল হয়েছে, কীভাবে আরও উন্নতি করা যায়-এসব বিষয়ে উৎসাহব্যঞ্জক আলোচনা করা প্রয়োজন। যারা ভালো কাজ করেছে তাদের প্রশংসা করতে হবে এবং যারা পিছিয়ে আছে তাদের নিরুৎসাহিত না করে নতুনভাবে চেষ্টা করার অনুপ্রেরণা দিতে হবে।
স্নেহ, উৎসাহ ও ইতিবাচক ভাষার গুরুত্ব
শিক্ষার্থীদের সামনে প্রথম দিনেই অতিরিক্ত কঠোরতা বা ভয়ভীতি প্রদর্শনের পরিবর্তে স্নেহপূর্ণ আচরণ অনেক বেশি কার্যকর। একটি হাসিমাখা মুখ, একটি আন্তরিক শুভেচ্ছা কিংবা একটি আশাব্যঞ্জক বাক্য একজন শিক্ষার্থীর মনোবল বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
উস্তাদের কথায় যেন আশা থাকে, ভালোবাসা থাকে এবং আত্মবিশ্বাস জাগানোর শক্তি থাকে। এমন কথা বলতে হবে, যাতে শিক্ষার্থীরা মনে করে-'আমি পারব, আমাকেও ভালো কিছু করতে হবে।' একজন উস্তাদের ইতিবাচক ভাষা অনেক সময় শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
শৃঙ্খলা, আমল ও উত্তম চরিত্রের শিক্ষা
মাদরাসা শুধু পাঠ্যবই পড়ানোর প্রতিষ্ঠান নয়; এটি চরিত্র গঠনেরও কেন্দ্র। তাই নতুন সেশনের শুরুতেই শিক্ষার্থীদের জামাআতে সালাত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, শিক্ষক ও সহপাঠীদের প্রতি সম্মান এবং আদব-আখলাকের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে হবে।
তাদের বুঝাতে হবে, একজন আলেমের পরিচয় শুধু তার জ্ঞানে নয়; বরং তার চরিত্র, বিনয়, আমল এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের মধ্যেও প্রকাশ পায়। তাই ইলম ও আমল-দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
উস্তাদই শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস
শিক্ষার্থীরা অনেক সময় উস্তাদের আচরণ থেকেই শিক্ষা গ্রহণ করে। তাই উস্তাদের নিজের জীবনও হতে হবে সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও উত্তম চরিত্রের জীবন্ত উদাহরণ। যে উস্তাদ নিজে নিয়মিত, অধ্যয়নশীল, বিনয়ী ও শিক্ষার্থীবান্ধব, তিনি খুব সহজেই শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিতে পারেন। একজন উস্তাদের একটি আন্তরিক দোয়া, একটি উৎসাহব্যঞ্জক বাক্য কিংবা একটি স্নেহময় আচরণ বছরের পর বছর শিক্ষার্থীর হৃদয়ে অম্লান হয়ে থাকে। অনেক সফল মানুষের জীবনে এমন একজন উস্তাদের অবদান থাকে, যিনি একদিন তার প্রতি বিশ্বাস রেখেছিলেন এবং তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন।
নতুম উদ্যমে জেগে ওঠার দিন
পরীক্ষার ছুটির পর প্রথম দিনটি কেবল নতুন ক্লাস শুরু করার দিন নয়; এটি শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখানোর দিন, নতুন উদ্যমে জাগিয়ে তোলার দিন। এই দিনে একজন উস্তাদের আন্তরিক খোঁজ-খবর, স্নেহময় ব্যবহার, সময়ের মূল্য সম্পর্কে নসিহত, লক্ষ্য নির্ধারণের আহ্বান, বাড়ির কাজের মূল্যায়ন এবং ইলম ও আমলের গুরুত্ব সম্পর্কে দিক-নির্দেশনা শিক্ষার্থীদের পুরো শিক্ষাবর্ষের ভিত্তি গড়ে দিতে পারে।
স্মরণ রাখা উচিত, একজন সফল উস্তাদ শুধু পাঠ্যবই শেষ করেন না; তিনি মানুষের হৃদয় গড়েন, চরিত্র নির্মাণ করেন এবং ভবিষ্যতের আলেম, দাঈ ও আদর্শ মানুষ তৈরির কারিগর হন। তাই প্রতিটি নতুন সূচনা হোক ভালোবাসা, দোয়া, প্রজ্ঞা ও প্রেরণার মাধ্যমে। আল্লাহ তাআলা সকল উস্তাদকে তাঁদের এই মহান আমানত যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন এবং আমাদের শিক্ষার্থীদের ইলম, আমল ও আখলাকে সমৃদ্ধ করে দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
লেখক: মুহাদ্দিস ও শিক্ষাসচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর, গাজীপুর

