Logo

খেলা

যে কারণে ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪

যে কারণে ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত হিসেবে পরিচিত মিরোতোভোরেতস ওয়েবসাইটের তথাকথিত ‘কিল লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশের জন্য আলোচিত এই ওয়েবসাইটটি ইনফান্তিনোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে।

ওয়েবসাইটের দাবি অনুযায়ী, ইনফান্তিনো ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করেছেন এবং রুশ ‘প্রোপাগান্ডা’ ছড়াতে সহায়ক ভূমিকা রেখেছেন। পাশাপাশি ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ইনফান্তিনোর ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক গ্রহণের বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দেন। তিনি বলেন, রুশ ফুটবলারদের আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনা উচিত। ফিফার নিষেধাজ্ঞায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি উল্লেখ করে তিনি মন্তব্য করেন, এ ধরনের বয়কট ও নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত আরও হতাশা ও ঘৃণার জন্ম দেয়।

ইনফান্তিনোর এই বক্তব্যে ইউক্রেন সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এ মন্তব্যের জেরে ফিফা সভাপতিকে ‘নৈতিকভাবে অধঃপতিত’ বলে আখ্যা দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ফিফা ও উয়েফার সব প্রতিযোগিতাসহ অধিকাংশ আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে রুশ ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়। মস্কো শুরু থেকেই এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক এবং অলিম্পিক চার্টারের পরিপন্থী বলে সমালোচনা করে আসছে।

এ প্রসঙ্গে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে কখনোই রাজনীতিকরণ করা উচিত নয়।

উল্লেখ্য, মিরোতোভোরেতস ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন বলে দাবি করা হলেও ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তালিকাভুক্ত একাধিক ব্যক্তি পরবর্তীতে নিহত হওয়া বা রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুবরণ করায় সাইটটি আন্তর্জাতিক অঙ্গনে ‘কিল লিস্ট’ নামেই বেশি পরিচিত।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর