অভিষেকেই হ্যাটট্রিক, আল-হিলালে ঝড় তুলে বেনজেমার প্রত্যাবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১
সৌদি আরবের ফুটবলে আবারও বড় আলোড়ন তুললেন করিম বেনজেমা। নাটকীয় দলবদল অধ্যায় শেষে আল-হিলালের জার্সিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে প্রমাণ করলেন— ফর্ম এখনো অটুট। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল-ওখদুদের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে আল-হিলাল।
আল ইত্তিহাদ ছেড়ে সোমবার সৌদি প্রো লিগের বর্তমান শীর্ষ দল আল-হিলালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন ৩৮ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। তবে এই দলবদল ছিল বেশ জটিল। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) আপত্তির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল বিষয়টি। ডেডলাইন ডে-তে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাবে যোগ দেন বেনজেমা।
বৃহস্পতিবার আল-ওখদুদের মাঠে আল-হিলালের হয়ে অভিষেকেই মাত্র ৩১ মিনিটে গোলের খাতা খোলেন তিনি। ব্যাক-হিল ফিনিশে নিজের জাত চিনিয়ে দেন সাবেক ব্যালন ডি’অরজয়ী তারকা। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মালকমের পাস থেকে সাইড-ফুটেড শটে করেন দ্বিতীয় গোল। চার মিনিট পর কাছ থেকে বল জালে জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল আল-হিলাল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আল ইত্তিহাদের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট ছিলেন বেনজেমা। নিজেকে অসম্মানিত মনে করেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পিআইএফের তত্ত্বাবধানে আল-হিলালে তার যোগ দেওয়া নাকি ভালোভাবে নেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
সূত্র জানায়, বেনজেমার দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তার ধারণা ছিল, আল-হিলালকে শিরোপার পথে এগিয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ। এমনকি প্রতিবাদস্বরূপ সোমবার আল-নাসরের হয়ে মাঠে নামতেও অস্বীকৃতি জানান রোনালদো— এমন দাবিও উঠে এসেছে।
এসএসকে/

