স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে অভিষেক রাঙাতে পারল না ইতালি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬
স্কটল্যান্ড ওপেনার জিওর্জি মুনসি ও অফ-স্পিনার মাইকেল লিসেকের বোলিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ফুটবলের জন্য জনপ্রিয় দেশ ইতালি। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরেছে ইতালি। কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৩ বলে ১২৬ রানের সূচনা করেন স্কটল্যান্ডের দুই ওপেনার মুনসি ও মাইকেল জোন্স। মাত্র ৩০ বল খেলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান মুনসি।
১৪তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হবার আগে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৮৪ রান করেন মুনসি। পরের ওভারে সাজঘরে ফিরেন মুনসির সঙ্গী জোন্সও। ৩০ বলে ৩৭ রান করেন তিনি।
১৩৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর স্কটল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ব্যান্ডন ম্যাকমুলেন ও লিসেক। ম্যাকমুলেন ৪টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪১ এবং ২টি করে চার-ছক্কায় মাত্র ৫ বলে অনবদ্য ২২ রান করেন লিসেক। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ পায় স্কটল্যান্ড। চলমান বিশ্বকাপে প্রথম দুইশ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোন সহযোগী সদস্য দেশের এটি সর্বোচ্চ রান।
২০৮ রান তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায় ইতালি। ওপেনার জাস্টিন মসকাকে শিকার করেন লিসেক। এরপর পাওয়ার প্লেতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। ৪০ রানে ৩ উইকেট পতনের পর ইতালিকে চাপমুক্ত করেন দুই ভাই হ্যারি মানেন্তি ও বেনজামিন মানেন্তি। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৭৩ রান যোগ করেন তারা।
দলীয় ১২৯ রানের মধ্যে তাদের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে ইতালির ইনিংস। লিসেকের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় তারা। ফলে ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি।
বেন মানেন্তি ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। হ্যারি মানেন্তি ২৫ বলে করেন ৩৭ রান। লিসেক ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।
এসএসকে/

