নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ। টাইগারদের বদলে এই আসরে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। তবে দেশের ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, এবারের আসরে না থাকলেও পরবর্তী বিশ্বকাপে আর কোনো বাধা থাকছে না। র্যাঙ্কিংয়ের সুবাদে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যৌথভাবে বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই স্বাগতিক দেশসহ মোট ১২টি দল সরাসরি অংশ নেবে, যেখানে নিজেদের জায়গা পাকা করেছে বাংলাদেশ। এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়। চলতি আসরে খেলতে না পারার হতাশা থাকলেও, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হওয়া নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বড় একটি সুসংবাদ।
এমএন

