ছোটবেলায় ইংরেজি না শেখার জন্য আক্ষেপ করলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৮
ছোটবেলায় পড়াশোনায় মনোযোগ না দেওয়া, বিশেষ করে ইংরেজি ভাষা না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা জানিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি তারকা ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলেও ভাষাগত সীমাবদ্ধতার কারণে ঠিকভাবে যোগাযোগ করতে পারেননি, যা তাকে অনেক সময় অস্বস্তিতে ফেলেছে।
২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড মেক্সিকান এক পডকাস্টে বলেন, ছোটবেলায় ইংরেজি শেখার সুযোগ থাকলেও তিনি তা কাজে লাগাননি। এখন সেটিকেই জীবনের বড় একটি অনুশোচনা বলে মনে করেন। তার ভাষায়, ‘সময় ছিল, অন্তত ইংরেজি পড়তে পারতাম, কিন্তু করিনি। এখন গভীরভাবে অনুতপ্ত।’
মেসি আরও জানান, অনেক অসাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েও ভাষা না জানার কারণে নিজেকে অজ্ঞ মনে হয়েছে। তখন মনে হতো, সময়টা নষ্ট করেছেন তিনি।
নিজের অভিজ্ঞতা থেকে সন্তানদের শিক্ষা নিয়েই তিনি বলেন, ভালো শিক্ষা গ্রহণ, পড়াশোনা এবং প্রস্তুত থাকার গুরুত্ব তারা যেন বোঝে। তাদের সুযোগ যেন তারা কাজে লাগাতে পারে— এটাই চান তিনি।
মেসি ১৩ বছর বয়সে নিজের জন্মশহর রোসারিও ছেড়ে এফসি বার্সেলোনাতে যোগ দেন। আর্জেন্টিনায় স্কুলজীবনের শেষ সময়টাকে তিনি ‘একেবারে বিশৃঙ্খল’ বলে উল্লেখ করেন, কারণ তখনই জানতেন তিনি স্পেনে চলে যাচ্ছেন। পরে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মেসিয়া’র শিক্ষার্থীদের সঙ্গে তিনি পড়াশোনা শেষ করেন।
২০২৩ সালের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই-এ দুই বছর কাটানোর পর ইন্টার মিয়ামিতে যোগ দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল কিংবদন্তি। তিনি বলেন, ফুটবল তাকে জীবনের অসংখ্য মূল্যবান শিক্ষা দিয়েছে— বন্ধুত্ব, অভিজ্ঞতা এবং নতুন সংস্কৃতি জানার সুযোগ দিয়েছে। তার মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনধারা।
এসএসকে/

