Logo

খেলা

এশিয়ান আরচারিতে বাংলাদেশের সোনা জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:৪৯

এশিয়ান আরচারিতে বাংলাদেশের সোনা জয়

বাংলাদেশের আরচাররা

ফুটবল মাঠে ভিয়েতনামের কাছে হারের ক্ষত যেন তীরের ফলায় মুছিয়ে দিলেন বাংলাদেশের আরচাররা। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আরচারি টুর্নামেন্টের (স্টেজ-১) প্রথম লেগে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

শুক্রবার সকালে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক গলায় ঝোলান লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম সোনা জয়।

ম্যাচের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের তিন আরচার হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য রহমান। চার সেটের এই লড়াইয়ে প্রথম সেট থেকেই লিড নিতে শুরু করে বাংলাদেশ। প্রথম সেটে ৫৭-৫৫ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও ৫৮-৫৬ ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল। তৃতীয় সেটে ভিয়েতনাম ৫৮-৫৭ ব্যবধানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ সেটে তাদের পাত্তাই দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৯-৫৬ ব্যবধানে শেষ সেটটি জিতে নিয়ে দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হিমুরা। পুরো ম্যাচে দলের সম্মিলিত গড় স্কোর ছিল ৯.৬২, যেখানে ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হিমু বাছাড় (গড় স্কোর ৯.৭৫)।

সোনা জয়ের এই পথে শুরু থেকেই দারুণ ধারাবাহিক ছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারানোর পর সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, ছেলেরা শুরু থেকেই লিড ধরে রেখেছিল, যা শেষ পর্যন্ত বজায় ছিল। এটি একটি দুর্দান্ত দলীয় প্রচেষ্টা।

উল্লেখ্য, গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। এবার কম্পাউন্ড বিভাগেও ফেডারেশনের বাড়তি গুরুত্ব দেওয়ার সুফল হাতেনাতে পাওয়ায় বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল স্বর্ণজয়ীদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর