Logo

খেলা

বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রিশাদ হোসেন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের প্লেয়ার অব দ্য ইয়ার বা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। বুধবার তাসমানিয়া ক্রিকেটের জমকালো অ্যাওয়ার্ড নাইট-এ রিশাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা হওয়ার দৌড়ে রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন দলের অভিজ্ঞ সব তারকা। অধিনায়ক নাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান এবং অলরাউন্ডার নিখিল চৌধুরীর মতো ক্রিকেটারদের পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন রিশাদ। হারিকেন্সের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদের ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন।

২০২৫-২৬ মৌসুমে হোবার্টের বোলিং বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই লেগি। পুরো আসরে ১২টি ম্যাচ খেলে রিশাদ শিকার করেছেন ১৫টি উইকেট। ওভারপ্রতি মাত্র ৭.৮২ রান দিয়ে প্রতি উইকেটের জন্য তিনি খরচ করেছেন ২০.৮৬ রান। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। মূলত তার নিয়ন্ত্রিত বোলিং আর মাঝের ওভারে উইকেট তুলে নেওয়ার সামর্থ্যই তাকে সেরার কাতারে নিয়ে গেছে। রিশাদ ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও তার দল হোবার্ট হারিকেন্স কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে। প্রথম পর্বে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ছিল তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ৩ রানে হারিয়ে তারা চ্যালেঞ্জার ম্যাচে উঠলেও ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে আসর শেষ করে রিশাদের দল।

গত মৌসুমে জাতীয় দলের ব্যস্ততার কারণে বিগ ব্যাশ খেলতে না পারলেও এবার পুরো মৌসুমের অনাপত্তিপত্র পেয়েছিলেন রিশাদ। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন খোদ ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রিশাদ বর্তমানে দারুণ ছন্দে আছেন; এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ৭১ উইকেট নিয়ে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই স্বীকৃতি বাংলাদেশের লেগ স্পিন ক্রিকেটের জন্য এক বিশাল অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন