উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে : আমিনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৯:২৫
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে কেবল ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও নাজুক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী
সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের আড়ালে ব্যাপক লুটপাট ও অনিয়ম
চালিয়েছে। এর ফলেই সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের অনেক ক্রীড়া স্থাপনার আজ এই জরাজীর্ণ
দশা। তিনি বলেন, “উন্নয়নের নামে তারা পকেট ভারী করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যার
প্রমাণ স্টেডিয়ামের এই বর্তমান পরিস্থিতি।”
ক্রীড়াঙ্গনের এই স্থবিরতা কাটাতে আগামী ৩০ এপ্রিল সারা দেশে একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধনের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ফুটবল ও ক্রিকেটসহ
মোট সাতটি ইভেন্ট নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। এতে দেশের প্রতিটি উপজেলার ১২ থেকে
১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়
খুঁজে বের করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের কল্যাপণে
বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “ইতিমধ্যেই ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা
হয়েছে। ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে।” তিনি
আশা প্রকাশ করেন, ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে
এনে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে দুপুর ১টায় প্রতিমন্ত্রী সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত খুদে ক্রিকেটারদের
সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের
প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয় দলের সাবেক
অধিনায়ক রাজিন সালেহ এবং সাবেক ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের
প্রতিনিধিরা।
বাংলাদেশের খবর/এম.আর

