এমা রাডুকানু
ব্রিটিশ টেনিসের পোস্টার গার্ল এমা রাডুকানু আবারও শারীরিক অসুস্থতার কবলে পড়েছেন। ভাইরাল জ্বর থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন ‘লিনজ ওপেন’ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। বুধবার তার প্রতিনিধির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৮ নম্বর তারকা রাডুকানু
গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে হার্ড-কোর্ট টুর্নামেন্ট খেলার সময় প্রথম অসুস্থতা
বোধ করেন। গত মাসে ইন্ডিয়ান ওয়েলসে অংশ নিলেও পরবর্তীতে মিয়ামি ওপেন থেকে বিরতি নেন
তিনি। এবার লিনজ ওপেন থেকেও সরে দাঁড়ানোয় তার ক্লেই-কোর্ট মৌসুম শুরু হতে আরও বিলম্বিত
হলো।
২০২১ সালে কিশোরী কোয়ালিফায়ার হিসেবে ইউএস
ওপেন জিতে ইতিহাস গড়া রাডুকানুর ক্যারিয়ার শুরু থেকেই চোট এবং শারীরিক সমস্যায় জর্জরিত।
গত বছর তিনি মৌসুমে ৫০টি ম্যাচ পূর্ণ করে উন্নতির আভাস দিয়েছিলেন, কিন্তু ২০২৬ সালের
শুরুটা আবারও হতাশাজনক হলো। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬টি টুর্নামেন্টে ১৪টি ম্যাচের
মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছেন তিনি। এর মধ্যে ট্রান্সিলভানিয়া ওপেনের ফাইনালে ওঠাই
ছিল তার এ বছরের সেরা সাফল্য।
রাডুকানু এখন মাদ্রিদ ওপেনের মাধ্যমে কোর্টে
ফেরার পরিকল্পনা করছেন, যা ইউরোপীয় ক্লেই-কোর্ট মৌসুমের প্রথম 'ডব্লিউটিএ ১০০০' ইভেন্ট।
মে মাসের শেষে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখেই তিনি এখন নিজের ফিটনেস পুনরুদ্ধারে
মনোযোগী হতে চান।
উল্লেখ্য, রাডুকানুর এই সিদ্ধান্তের একদিন
আগেই বাহুর চোটের কারণে মন্টাকাসিনো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক
ব্রিটিশ তারকা জ্যাক ড্রেপার। ব্রিটিশ টেনিসের শীর্ষ দুই তারকার এমন চোট ও অসুস্থতা
আসন্ন বড় টুর্নামেন্টগুলোর আগে ভক্তদের মাঝে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে।
বাংলাদেশের খবর/এম.আর

