Logo

খেলা

বিসিবি এখন দেশের সবচেয়ে বড় সার্কাস: আফতাব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:১৯

বিসিবি এখন দেশের সবচেয়ে বড় সার্কাস: আফতাব

আফতাব আহমেদ

বাংলাদেশের ক্রিকেট বোর্ডে গত দেড় বছরে যে নাটকীয়তা চলছে, তাকে সবচেয়ে বড় সার্কাস’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় দলের সাবেক হার্ডহিটার আফতাব আহমেদ। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে বিসিবির সাম্প্রতিক অস্থিরতা ও বারবার সভাপতি বদল নিয়ে ক্ষোভ ঝাড়েন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই ক্রিকেটার।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে চলছে চরম অস্থিরতা। এক যুগেরও বেশি সময় সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে তার বিদায়ের পর ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই কমিটি ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব গ্রহণ করেছে।

বিসিবির এই ঘনঘন চেয়ার বদলকে বিদ্রূপ করে আফতাব আহমেদ বলেন, বর্তমানে ক্রিকেট বোর্ডে যে পরিমাণ সার্কাস চলছে, আপনারা যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কেটেও দেখেন, সেই টাকা বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাসের নাম হচ্ছে ক্রিকেট বোর্ড।” যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আমি তিন বছর ধরে আমেরিকায় আছি, অথচ এখানকার ক্রিকেট বোর্ড কোথায়, এর মেম্বার কারা—সেটিই জানি না। অথচ প্রতিদিন ক্রিকেট নিয়ে কাজ করছি। কিন্তু বাংলাদেশে আপনার কোনো বিষয়ে ব্যর্থতা থাকলেও মিডিয়া এমনভাবে ঢোল পেটাবে যে আপনি জানতে না চাইলেও সবকিছু আপনার কানে পৌঁছে যাবে।”

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটিকে অবৈধ’ ঘোষণা করে এনএসসি মঙ্গলবারই তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করবে। তবে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সিদ্ধান্তকে সাংবিধানিক ক্যু’ হিসেবে অভিহিত করেছেন এবং আইসিসির কাছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন।

আফতাব আহমেদের এই ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশের ক্রিকেট যখন মাঠের পারফরম্যান্সের চেয়ে বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল আর আইনি লড়াইয়ে বেশি ব্যস্ত, তখন ভক্ত ও সাবেক ক্রিকেটারদের মাঝে এমন হতাশা দিন দিন ঘনীভূত হচ্ছে। ভিডিওর শেষে আফতাব আক্ষেপ করে বলেন, এই সার্কাস আর কতদিন চলবে জানি না। এখন আর ক্রিকেট নেই, যা আছে তা কেবলই সার্কাস।”

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন