বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:২৭
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের জাতীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে দিনের আলোতেই খেলা শেষ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আসন্ন এই সিরিজে কোনো ‘দিবারাত্রির’ ম্যাচ থাকছে না।
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
গণমাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, “সরকার আমাদের
সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করছে। বিসিবি, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবাই মিলে আমরা
আমাদের দায়িত্বটুকু পালন করতে চাই। লক্ষ্য থাকবে ফ্লাডলাইট যতটা সম্ভব কম ব্যবহার করে
খেলা সম্পন্ন করা।”
বিসিবির নতুন ঘোষণা অনুযায়ী, সিরিজের তিনটি
ওয়ানডে ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। সাধারণত ওয়ানডে ম্যাচ দুপুর ২টায় শুরু হলেও ৩ ঘণ্টা
এগিয়ে আনায় সন্ধ্যা হওয়ার আগেই খেলা শেষ করা সম্ভব হবে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের
সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এতে সন্ধ্যার আগেই খেলা শেষ হয়ে যাবে এবং ফ্লাডলাইটের
প্রয়োজন পড়বে না।
সময় বদলালেও ম্যাচের তারিখ ও ভেন্যু অপরিবর্তিত
রয়েছে। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে
অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে হবে
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
স্টেডিয়াম)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
সিরিজের শেষ ম্যাচটি খেলতে ২ মে আবারো মিরপুরে ফিরবে দুই দল।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের
জন্য আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা নয়ে থাকা জরুরি। বর্তমানে বাংলাদেশ
৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়
স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি তাই টাইগারদের জন্য বিশ্বকাপের সরাসরি
টিকিট নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই সময়সূচি ক্রিকেটপ্রেমীদের
জন্য কিছুটা ব্যতিক্রমী হলেও দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে
দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের খবর/এম.আর

