Logo

খেলা

বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:১৫

বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজের আগে সফরকারী কিউই স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের দল থেকেই ছিটকে গেছেন উদীয়মান অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

বর্তমানে নিউজিল্যান্ড এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিস্টিয়ান ক্লার্ক ফিল্ডিংয়ের সময় ডান হাতের তালুতে গুরুতর চোট পান। ক্যাচ ধরতে গিয়ে তাঁর হাতের চামড়া ফেটে যাওয়ায় মাঠের বাইরে চলে যেতে হয়েছে এই ক্রিকেটারকে। চলতি বছরের শুরুতে ভারত সফরে নজর কাড়া এই অলরাউন্ডারের অনুপস্থিতি কিউইদের জন্য বড় ধাক্কা। ক্লার্কের জায়গায় সুযোগ পাওয়া বেন লিস্টারও বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন। ২৫ বছর বয়সী এই পেসার নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।

পেসার বেন সিয়ার্সকে নিয়ে কিউই শিবিরে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। পিএসএলের দল রাওয়ালপিন্ডিজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে থাকছেন না। সেখানে নাসিম শাহর চোটের কারণে তাঁর বদলি হিসেবে খেলবেন সিয়ার্স। তবে পিএসএল মিশন শেষ করে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, একই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেনও।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, ওয়ানডে সিরিজের জন্য সিয়ার্সের বিকল্প হিসেবে নতুন কাউকে নেওয়া হচ্ছে না। আইপিএল খেলার কারণে এই সিরিজে বিশ্রামে থাকছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। তাঁর অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। কিউই শিবিরে স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরছেন তিন পেসার—ম্যাথু ফিশার, উইল ও’রুরক এবং ব্লেয়ার টিকনার।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগের পাশে দাঁড়াতে ম্যাচ শুরুর সময়ে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের বেশ আগে শুরু হবে প্রতিটি ম্যাচ। ওয়ানডে সিরিজ দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ৩টায়।

১৭ এপ্রিল ঢাকায় প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক এই লড়াই। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ এপ্রিল। এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন