আর্নে স্লট
লিভারপুলের ডাগআউটে সময়টা ভালো যাচ্ছে না আর্নে স্লটের। মাঠের টানা ব্যর্থতা আর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে ফুটবল মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে স্লট দাবি করেছেন, ক্লাবের মালিকপক্ষ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের কাছ থেকে তিনি এখনও ‘পূর্ণ সমর্থন’ পাচ্ছেন।
গত মৌসুমে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে
দায়িত্ব নিয়ে লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতালেও দ্বিতীয় মৌসুমে পথ হারিয়েছে স্লটের
দল। লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা অলরেডদের সঙ্গে ১৩তম স্থানে থাকা বোর্নমাউথের ব্যবধান
এখন মাত্র ৭ পয়েন্ট। গত তিন ম্যাচে লিগ থেকে তারা সংগ্রহ করেছে মাত্র ১ পয়েন্ট। এছাড়া
এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ২-০
গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের পথে রয়েছে দলটি।
২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ এই ডাচ
কোচ বলেন, "আমি বারবার একই কথা বলছি, আমি মালিকপক্ষ এবং রিচার্ড হিউজ ও মাইকেল
এডওয়ার্ডসদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছি। এমনকি পিএসজির কাছে হারের পরও সমর্থকরা
যেভাবে ‘উই লাভ লিভারপুল’
গেয়ে আমাদের উৎসাহ দিয়েছেন, তা সত্যিই অবাক করার মতো।" স্লট মনে করেন, বুধবারের
হার তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শনিবার ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার
লিগে ঘুরে দাঁড়াতে মরিয়া তিনি। স্লট বলেন, "ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা
বুঝেছি আমাদের ঘাটতি কোথায়। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই আমাদের প্রমাণ করতে হবে যে
আমরা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে সক্ষম।"
এদিকে দীর্ঘ ৯ বছরের সফল ক্যারিয়ার শেষে
এই মৌসুমেই অ্যানফিল্ড ছাড়ছেন জনপ্রিয় ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন। বৃহস্পতিবার তিনি
ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ৩২ বছর বয়সী এই স্কটিশ তারকা লিভারপুলের হয়ে ৩৭৩টি
ম্যাচ খেলেছেন এবং দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৯টি শিরোপা জিতেছেন।
রবার্টসনের বিদায় প্রসঙ্গে স্লট বলেন, "রবার্টসন এই ক্লাবের জন্য একজন কিংবদন্তি।
সে তার সর্বস্ব দিয়ে খেলেছে এবং সবকিছু জিতেছে। তবে এই মৌসুমে সে আগের মতো নিয়মিত খেলার
সুযোগ পাচ্ছিল না, যার ফলে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ
কামনা করি।"
লিভারপুল ভক্তদের জন্য রবার্টসনের বিদায়
একটি যুগের অবসান হিসেবেই দেখা হচ্ছে। এখন স্লটের সামনে চ্যালেঞ্জ হলো আগামী মৌসুমে
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা।
বাংলাদেশের খবর/এম.আর

