কোনো চমক না রেখে
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৬:২৯
আগামী ১৩ এপ্রিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নবনিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশারের
নেতৃত্বাধীন প্যানেলের ঘোষিত এই স্কোয়াডে কোনো চমক নেই; মূলত পাকিস্তানের বিপক্ষে সবশেষ
সিরিজের জয়ী দলটির ওপরই পূর্ণ আস্থা রেখেছেন নির্বাচকরা।
গাজী আশরাফ হোসেন লিপুর পর দায়িত্ব নেওয়া
হাবিবুল বাশারের প্যানেল (নাঈম ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত ও নাদিফ চৌধুরী) তাদের প্রথম
অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি। পাকিস্তান সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া
স্কোয়াডটিই হুবহু রেখে দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তান সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে
না পারা আফিফ হোসেন ও সাইফ হাসানদেরও দেওয়া হয়েছে আরও একটি সুযোগ।
দল ঘোষণা শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে
হাবিবুল বাশার সুমন বলেন, "আমাদের শেষ সিরিজটা সফল ছিল। সেখানে কিছু খেলোয়াড়
একাদশে সুযোগ পায়নি, আবার কেউ নতুন এসেছে। আমাদের নীতি হচ্ছে, যখন কেউ দলে আসবে তাকে
পর্যাপ্ত সুযোগ দিতে হবে। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য এই সিরিজে
কোনো পরিবর্তন আনিনি।"
বোলিং বিভাগ নিয়ে স্বস্তিতে থাকলেও ব্যাটিং
অর্ডার নিয়ে চিন্তিত নির্বাচক প্যানেল। বাশার জানান, ইনজুরি ব্যবস্থাপনার জন্য পেসারদের
ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে (রোটেশন নীতি), তবে টপ এবং মিডল অর্ডারে স্থায়িত্ব ফেরানোই
এখন মূল চ্যালেঞ্জ। লক্ষ্য হলো আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়
অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী ছয় মাসের মধ্যে একটি স্থিতিশীল দল গুছিয়ে
ফেলা।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিসিবি সিরিজের
ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টা
থেকে শুরু হবে। একইভাবে সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো এগিয়ে আনা হয়েছে বিকেল
৩টায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল
হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ
হাসান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান,
তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
সিরিজের সময়সূচি একনজরে
১৭ ও ২০ এপ্রিল: প্রথম ও দ্বিতীয় ওয়ানডে
(মিরপুর, ঢাকা)
২৩ এপ্রিল: তৃতীয় ওয়ানডে (জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়াম, চট্টগ্রাম)
২৭ ও ২৯ এপ্রিল: প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি
(চট্টগ্রাম)
০২ মে: শেষ টি-টোয়েন্টি (মিরপুর, ঢাকা)।
বাংলাদেশের খবর/এম.আর

