Logo

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

ঢাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সন্ধ্যা ৬টা থেকেই দর্শকরা অনলাইনে টিকিট সংগ্রহ শুরু করেন। ঢাকা ও চট্টগ্রাম—উভয় ভেন্যুর জন্যই সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বিসিবি জানিয়েছে, বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন। প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামের ম্যাচের টিকিট মূল্য একই সঙ্গে প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের জন্য আগেভাগেই পরিকল্পনা করার সুযোগ করে দিচ্ছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের টিকিটের দাম (ঢাকা)

মিরপুরের হোম অব ক্রিকেটে সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। বিস্তারিত তালিকা- গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার): ২৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ (মিডিয়া ও করপোরেট ব্লক): ১৫০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড): ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি: ৪০০ টাকা, ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিটের দাম (চট্টগ্রাম)

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও (বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম) দর্শকদের জন্য টিকিটের একাধিক ক্যাটাগরি রয়েছে- গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়ন (পূর্ব ও পশ্চিম): ২৫০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিসিবি ইতিমধ্যেই ম্যাচের সময় পরিবর্তন করেছে। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার বদলে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কিউইরা। ১৭, ২০ এপ্রিল ঢাকায় এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৭, ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন