করোনার টিকার প্রভাবে শেন ওয়ার্নের মৃত্যু, দাবি ছেলে জ্যাকসনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:৩৯
ছবি: সংগৃহীত
২০২২ সালে ক্রিকেট বিশ্বের কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু ভক্তদের নাড়িয়ে দিয়েছিল। থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুকে তখন ময়নাতদন্তে ‘স্বাভাবিক’ বলা হয়েছিল। তবে চার বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকসন দাবি করেছেন, তার বাবার মৃত্যুর পেছনে কোভিড-১৯ টিকার ভূমিকা থাকতে পারে। ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে জ্যাকসন বলেন, 'আমি মনে করি টিকা এতে জড়িত ছিল, এখন এটা আর অস্বাভাবিক কোনো কথা নয়।'
তিনি আরো বলেন, আগে থেকে যদি কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, টিকা সেটিকে ত্বরান্বিত করে থাকতে পারে।
এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সরকারের দিকেও আঙুল তুলেছেন। জ্যাকসনের দাবি, নিয়মের কারণে একাধিকবার টিকা নিতে হয়েছিল তার বাবাকে। এমনকি ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মনে হয়েছিল, এর পেছনে কোভিড এবং টিকার প্রভাব থাকতে পারে।
ওয়ার্নের মৃত্যুর সময় তার কক্ষ থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে এবং শরীরে ভায়াগ্রার উপস্থিতিও পাওয়া যায়। তবে এসবের চেয়ে টিকাকেই বেশি দায়ী করছেন জ্যাকসন।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে শেন ওয়ার্ন ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে স্বীকৃত।
বাংলাদেশের খবর/আরইউ

