নারী বিশ্বকাপ
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৫৭
লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ১-০ গোলে হারিয়ে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে স্পেনকে টপকে গ্রুপ 'এ-থ্রি'র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ‘লায়নেস’রা।
গত বছরের ইউরো ফাইনালের পর এই প্রথম দুই
দল মুখোমুখি হয়েছিল, যেখানে পেনাল্টি শ্যুটআউটে জিতেছিল ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, বাছাইপর্বের
'লিগ এ'র প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ব্রাজিলে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে
খেলার সুযোগ পাবে।
ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিক ইংল্যান্ড। আলেসিয়া রুশোর বাড়ানো বল থেকে নিখুঁত দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন লরেন হেম্প। স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুটেলাস গোললাইন থেকে বলটি ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। ম্যাচের ১৯ মিনিটে হেম্প তাঁর ও দলের দ্বিতীয় গোলটির খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
-69dfa735bd3a6.jpg)
পুরো ম্যাচজুড়েই স্প্যানিশ আক্রমণভাগকে
রুখে দিয়েছেন ইংলিশ গোলরক্ষক হ্যানা হ্যাম্পটন। বিরতির ঠিক আগে প্যাট্রিসিয়া গুইজারোর
শট রুখে দিয়ে দলের লিড ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ওলগা কারমোনার একটি শট
ক্রসবারে লেগে ফিরে আসলে কপাল জোরে বেঁচে যায় ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে এডনা ইমাদের
একটি জোরালো হেড কর্নারের বিনিময়ে সেভ করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হ্যাম্পটন।
এদিন নিয়মিত অধিনায়ক লিয়া উইলিয়ামসনের
অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন কেইরা ওয়ালশ। এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের জার্সিতে
তাঁর শততম (১০০) আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, ইউরো ২০২২ জয়ী গোলরক্ষক মেরি ইয়ারপসকে
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা জানানো হয়।
বাছাইপর্বের অন্যান্য ম্যাচে বড় জয় পেয়েছে
নরওয়ে ও জার্মানি। আদা হেগারবার্গের জোড়া গোলে নরওয়ে ৫-০ ব্যবধানে স্লোভেনিয়াকে বিধ্বস্ত
করেছে। অন্যদিকে, অস্ট্রিয়াকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি।
এছাড়া গ্রুপ 'এ-টু'র লড়াইয়ে ফ্রান্সকে
২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ডেনমার্কও শেষ মুহূর্তের গোলে
২-১ ব্যবধানে শক্তিশালী সুইডেনকে পরাজিত করেছে।
বাংলাদেশের খবর/এম.আর

