Logo

খেলা

মিরপুর ওয়ানডে

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৩০

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামল কিউইদের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১১টায়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক ক্যালিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন ক্যালি।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

শুরুতে আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ। তবে শুরুতে ধাক্কা সামলে ইনিংস গুছিয়ে নেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। এই জুটিই ধীরে ধীরে দলকে এগিয়ে নেয় এবং ১৮ ওভারের মধ্যে গড়ে তোলে অর্ধশত রানের পার্টনারশিপ। সে সময় দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৩। এরপর ১৯তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়লেও রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলস। তখন ৩৫ রানে থাকা এই বাঁহাতি ব্যাটার পরে আরও সাবলীল হয়ে ওঠেন।

২২তম ওভারে এসে ভাঙে ইয়াং-নিকোলসের ৭৩ রানের জুটি। রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ইয়াং।

জুটি ভাঙার পরও থামেননি নিকোলস। ২৩তম ওভারে নাহিদ রানার বলে বাউন্ডারি হাঁকিয়ে ৬৫ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। ২৭তম ওভারে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ল্যাথামকে বোল্ড করে দেন তিনি। এরপর ২৮তম ওভারে আরেকটি ধাক্কা খায় নিউজিল্যান্ড। এবার রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সেট ব্যাটার নিকোলস। ৮৩ বলে ৬৮ রান করে থামে তার ইনিংস। 

মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ আব্বাস ও ডিন ফক্সক্রফট। তাদের মধ্যে ৩৪ রানের জুটি গড়ে ওঠে। তবে ৩৬তম ওভারে শরিফুল ইসলামের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আব্বাস (১৪)।

শেষ দিকে ফক্সক্রফটকে নিয়ে এগোনোর চেষ্টা করে নিউজিল্যান্ড। যদিও ৩৯তম ওভারে রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েও জীবন পান তিনি, তানজিদ হাসান সেই সুযোগ হাতছাড়া করেন। এদিকে, পরপর দুই বলে দুই ব্যর্থ রিভিউ নিয়ে রিভিউ শেষ করেন মিরাজরা। 

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো। এরপর মাত্র ৮ রানে আউট হন জশ ক্লার্কসন।

হুট করেই নিউজিল্যান্ড খেই হারিয়ে ফেললেও ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। ৫৮ বলে খেলা ইনিংসটি আটটি চারে সাজানো। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

নিউ জিল‍্যান্ড: ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, কেলি ৭, ইয়াং ৩০, ল‍্যাথাম ১৪, আব্বাস ১৪, ফক্সক্রফট ৫৯, ক্লার্কসন ৮, স্মিথ ২১*, টিকনার ৭, লেনক্স ১*; তাসকিন ১০-০-৫০-২, শরিফুল ১০-২-২৭-২, মিরাজ ১০-১-৫৪-১, নাহিদ ১০-০-৬৫-১, রিশাদ ১০-০-৪৪-২)

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, টম ল্যাথাম (উইকেটকিপার/অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন