ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময় এবার: কাফু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৬:২৪
ছবি: সংগৃহীত
ব্রাজিল ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতে। পঞ্চম শিরোপা জয়ের পর সাফল্যের ধারেকাছে যেতে পারেনি সেলেসাওরা। পাঁচবার ব্যর্থ হয়েছে ‘হেক্সা মিশন’। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কাফু মনে করেন, ২০২৬ সালের আসর তাদের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়।
২০০২ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কাফু। পাসাদেনায় ১৯৯৪ সালে পেনাল্টিতে ইতালিকে হারানোর দলেও ছিলেন এই ডিফেন্ডার।
সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কাফু বলেন, ‘শেষ ট্রফি জেতার ২৪ বছর পর, আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কালো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন।’
ব্রাজিলকে রক্ষণে বেশি মনযোগ দিতে হবে বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায়, তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে।’
এ ছাড়া এবারের বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র দারুণ সময় কাটাবেন বলে বিশ্বাস কাফুর। তিনি বলেন, ‘যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই আট ম্যাচে (যদি ফাইনালে ওঠে) ভিনিসিয়ুস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কী করতে পারে, সেটা প্রমাণ করার।’
বাংলাদেশের খবর/আরইউ

