রানার বোলিং দেখে ওয়াকার ইউনুসের কথা মনে পড়েছে: শন টেইট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৪৫
শন টেইট
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গতির আগুনে কিউইদের পুড়িয়েছেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেলটি করেছেন তিনি। টাইগার এই গতিতারকার এমন বিধ্বংসী রূপে মুগ্ধ বোলিং কোচ শন টেইট।
বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি
জানান, রানার বোলিং দেখে তার বারবার পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের কথা
মনে পড়েছে।
শন টেইট বলেন, “শেষ ম্যাচে রানার
ইয়র্কারগুলো ছিল দেখার মতো। একজন ফাস্ট বোলার শুরুতে উইকেট নিচ্ছে, আবার ইয়র্কারে লেজ
গুটিয়ে দিচ্ছে—এটা আমাকে ওয়াকার
ইউনুসের বোলিংয়ের কথা মনে করিয়ে দেয়। ব্যক্তিগতভাবে এটা দেখতে আমার দারুণ লাগে।”
রানার ফিটনেস নিয়ে টেইট আরও বলেন, “চট্টগ্রামের এই
প্রচণ্ড গরমে টানা ১০ ওভার ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা সত্যিই অসাধারণ। নাহিদ
রানা অত্যন্ত ফিট একজন অ্যাথলেট। তার লিকলিকে শরীর তাকে দ্রুত গতিতে বল করতে সাহায্য
করে। আমি নিজে ওর চেয়ে অনেক বেশি ইনজুরিপ্রবণ ছিলাম। বর্তমান ফিটনেস আর গতি বজায় থাকলে
কোনো প্রতিপক্ষই ওকে মোকাবিলা করতে চাইবে না।”
আধুনিক ক্রিকেটে স্লোয়ার বা ভেরিয়েশনের
হিড়িক থাকলেও রানাকে এখনই সেসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছেন এই অজি কোচ। টেইটের মতে,
“১৩০ কিলোমিটার
গতির বোলারদের উইকেট পেতে স্লোয়ারের সাহায্য নিতে হয়। কিন্তু নাহিদ ১৪৫-১৫০ কিলোমিটার
গতিতে বল করতে পারে। এই গতি আর বাউন্সই ওর বড় অস্ত্র। তাই আমি চাই ও বিষয়টি সহজ রাখুক
এবং নিয়মিত গতিময় বোলিং করে যাক।”
উল্লেখ্য, পিএসএলে পেশোয়ার জালমির হয়ে
খেলার সময় থেকেই বিশ্ব ক্রিকেটের নজরে আসেন নাহিদ রানা। এবারের সিরিজেও তিনি নিয়মিত
গতির ঝড় তুলে যাচ্ছেন। প্রথম ম্যাচে উইকেটহীন থাকলেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজেকে
প্রমাণ করেছেন এই তরুণ তুর্কি। কোচ টেইটের বিশ্বাস, নাহিদ রানা বাংলাদেশ দলের জন্য
এক অমূল্য সম্পদ এবং তাকে দলে না দেখলে যেকোনো প্রতিপক্ষই স্বস্তি পাবে।
বাংলাদেশের খবর/এম.আর

