সিরিজে ১-১ সমতা
লঙ্কানদের কাছে হারল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৪৮
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে জয়ের ধারা বজায় রাখতে পারল না বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ব্যাটারদের দৃঢ়তায় ৪ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা, ফলে
আগামী শনিবারের (২৫ মার্চ) শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
বুধবার টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত
নেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শুরুতেই ৪ রানের মধ্যে দুই
ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও শারমিন আক্তারকে (০) হারায় স্বাগতিকরা। এক প্রান্ত আগলে
রেখে অধিনায়ক জ্যোতি ১০১ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায়
বাংলাদেশ ১৬৫ রানেই অলআউট হয়ে যায়। এছাড়া শারমিন সুলতানা ২৫, নাহিদা আক্তার ২০ এবং
রিতু মনি ১৭ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৬ রানে ৩টি উইকেট
শিকার করেন।
১৬৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই
ওপেনার হাসিনি পেরেরাকে (৫) হারালেও চামারি আতাপাত্তুর ৩৯ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস
শ্রীলঙ্কাকে কক্ষপথে রাখে। এরপর চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের
৭৭ রানের জুটি লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেয়। সামারাবিক্রমা ৫০ এবং করুনারত্নে ৪০ রান
করে আউট হন।
ম্যাচের শেষ দিকে নাহিদা আক্তারের ঘূর্ণিতে
শ্রীলঙ্কা ৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ৭০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে
সফরকারীরা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৭.২ ওভারে ২১ রান দিয়ে একাই ৪টি উইকেট নেন।
এছাড়া সুলতানা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট লাভ করেন।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে
আগামী ২৫ মার্চ রাজশাহীর একই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। প্রথমবারের মতো ঘরের মাঠে
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার হাতছানি এখন টাইগ্রেসদের সামনে, যার জন্য শেষ ম্যাচে
জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশের খবর/এম.আর

