নাহিদ রানা
মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার এবার সাথে সাথে পেলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই গতিতারকা আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ৩২ ধাপ এগিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, নাহিদ রানা এখন বিশ্বের ৬৪ নম্বর ওয়ানডে বোলার।
সুখবর পেয়েছেন টপ অর্ডার ব্যাটাররাও। রান
তাড়ায় ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলে ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে
উঠে এসেছেন। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করে ৫ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়; তার বর্তমান
অবস্থান যৌথভাবে ২৬ নম্বরে। এ ছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে ৪৩তম স্থানে
অবস্থান করছেন। তবে সিরিজে না খেললেও ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন
কিউই তারকা ড্যারিল মিচেল।
বোলারদের তালিকায় নাহিদ রানা ছাড়াও বড়
উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সিরিজে ৩ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে তিনি এখন
৫৮তম স্থানে। দীর্ঘ বিরতি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরা শরিফুল ইসলাম দুই ম্যাচে ৪ উইকেট
নিয়ে উঠে এসেছেন ৩৯ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় অলরাউন্ডারদের
তালিকায় দুই ধাপ পিছিয়ে এখন আট নম্বরে আছেন তিনি। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মোস্তাফিজুর
রহমানও সাত ধাপ পিছিয়ে ৫৫তম স্থানে নেমে গেছেন।
চলমান সিরিজের ফলাফল ও ক্রিকেটারদের ব্যক্তিগত
পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আগামীকাল সিরিজের
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে আরও বড় অগ্রগতির সুযোগ থাকছে টাইগারদের
সামনে।
বাংলাদেশের খবর/এম.আর

