ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২৫ বিএন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৫৪
ছবি: সংগৃহীত
গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতা। জমজমাট এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) বনাম আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) দল।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মো. আশরাফুল আলম। আরো উপস্থিত ছিলেন ডিএমএ পরিচালক মো. আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো. আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক শুভ্র চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে। নির্ধারিত সময়জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে দর্শকদের মধ্যে তৈরি হয় দারুণ উচ্ছ্বাস। তবে শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২-০ গোলে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) দল।
খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি আশরাফুল আলম বলেন, এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মনকে প্রফুল্ল ও প্রাণবন্ত করে তোলে।
তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত ভূমিকা পালন করবে।
পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও উপভোগ করেন এই প্রাণবন্ত প্রতিযোগিতা।
উল্লেখ্য, আন্তঃব্যাটালিয়ন এই ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরই আয়োজন করা হয়, যা বাহিনীর সদস্যদের মাঝে ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক হিসেবে বিবেচিত।
কাংলাদেশের খবর/আরইউ

