কার্লোস আলকারাজ
টেনিস বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কার্লোস আলকারাজের ফরাসি ওপেনে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। দীর্ঘদিনের কব্জির চোট কাটিয়ে উঠতে না পারায় আসন্ন রোলাঁ গারো থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ সেনসেশন। এই ঘোষণার মাধ্যমে আলকারাজের টানা তৃতীয়বার ফরাসি ওপেন জয়ের দৌড় থমকে গেল।
গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলকারাজ
নিজেই এই দুঃসংবাদটি দেন। তিনি জানান, ডান হাতের কব্জিতে হওয়া চোটের সর্বশেষ পরীক্ষার
ফলাফল আশাব্যঞ্জক না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি ইতালিয়ান ওপেন এবং ফরাসি ওপেন
থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আলকারাজ বলেন, “এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি সময়।
কিন্তু দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের কথা চিন্তা করে এখন সতর্ক থাকাই সবচেয়ে বুদ্ধিমানের
কাজ। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।”
চোটের সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে বার্সেলোনা
ওপেনের প্রথম রাউন্ডে অটো ভার্চানেনের বিপক্ষে ম্যাচের সময়। সেই ম্যাচে জয় পেলেও পরবর্তী
রাউন্ড থেকে তিনি সরে দাঁড়ান। এরপর গত ১৭ এপ্রিল মাদ্রিদ মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার
করে নিলে ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ফরাসি ওপেন মিস করা টেনিস বিশ্বের
জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আলকারাজের এই চোটের সরাসরি প্রভাব পড়েছে
এটিপি র্যাঙ্কিংয়ে। গত ১২ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইতালির জ্যানিক
সিন্নারের কাছে হারের পর বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি হারিয়েছেন আলকারাজ।
বর্তমানে তিনি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন। ফরাসি ওপেনে অংশ না নেওয়ার ফলে
সিন্নারের এক নম্বর স্থানটি আরও পাকাপোক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলকারাজের প্রধান
প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান বিশ্বের এক নম্বর তারকা জ্যানিক সিন্নার এই খবরে দুঃখ প্রকাশ
করেছেন।
মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ
শেষে সিন্নার বলেন, “এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। কার্লোস এই সারফেসের (ক্লে-কোর্ট)
সেরা খেলোয়াড়। তার বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা দুজনেই তরুণ, তাই ভবিষ্যতের
কথা চিন্তা করে শরীরকে প্রাধান্য দেওয়া জরুরি। আশা করছি উইম্বলডনের আগেই সে ফিট হয়ে
ফিরবে।”
আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার ফরাসি
ওপেনের শিরোপা জিতেছিলেন। বিশেষ করে গত বছর সিন্নারের বিপক্ষে দীর্ঘতম ফাইনাল খেলে
তিন তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে শিরোপা জেতা টেনিস ইতিহাসের অন্যতম সেরা
মুহূর্ত হয়ে আছে। এছাড়া এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়
হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি মৌসুমে
তার জয়ের রেকর্ড ২২-৩। ২০২১ সালে গ্র্যান্ড স্ল্যামে অভিষেকের পর এটি আলকারাজের মিস
করা দ্বিতীয় কোনো বড় টুর্নামেন্ট।
এর আগে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে
হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি খেলতে পারেননি। আলকারাজ জানিয়েছেন, তাড়াহুড়ো করে মাঠে
ফিরে চোটকে আরও জটিল করতে চান না তিনি। বর্তমানে তার মূল লক্ষ্য পুরোপুরি সুস্থ হয়ে
উইম্বলডনে অংশ নেওয়া।
২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে
যাওয়া এবারের ফরাসি ওপেনে আলকারাজের অনুপস্থিতি টুর্নামেন্টের উন্মাদনা কিছুটা কমিয়ে
দিলেও জ্যানিক সিন্নার কিংবা নোভাক জোকোভিচদের জন্য শিরোপা জয়ের পথ অনেকটা সহজ করে
দিল বলে মনে করছেন টেনিস বিশ্লেষকরা।
বাংলাদেশের খবর/এম.আর

