অস্ত্রোপচার সফল
বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী ক্রোয়েশিয়ার অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২০:০১
লুকা মদ্রিচ
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং এসি মিলান মিডফিল্ডার লুকা মদ্রিচ সফলভাবে মুখের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। গত রবিবার ইতালিয়ান সিরি-এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে খেলার সময় তিনি বাঁ দিকের চোয়ালের হাড়ে গুরুতর চোট পান। চোট কাটিয়ে ৪০ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে তার পঞ্চম আসরে অংশ নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশন।
সান সিরো স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে
গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে খেলার শেষ ১০ মিনিটে জুভেন্টাস মিডফিল্ডার ম্যানুয়েল
লোকাতেল্লির সঙ্গে মাথার সংঘর্ষ হয় মদ্রিচের। সংঘর্ষের পরপরই ব্যথায় কাতরাতে থাকা মদ্রিচ
মাঠ ছাড়েন। যদিও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে তিনি ম্যাচ শেষ হওয়া পর্যন্ত
সাইড বেঞ্চেই বসে ছিলেন।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার বাঁ
দিকের জাইগোম্যাটিক বোনে (চোয়ালের হাড়) একাধিক ফাটল ধরা পড়ে। সোমবার দ্রুততার সঙ্গে
মদ্রিচের অস্ত্রোপচার করা হয়। তার ক্লাব এসি মিলান এক বিবৃতিতে জানিয়েছে, “লুকা মদ্রিচের বাম জাইগোম্যাটিক হাড়ের
জটিল ফাটল মেরামতে অস্ত্রোপচারটি সম্পূর্ণ সফল হয়েছে। আমরা আশা করছি ফিফা বিশ্বকাপের
আগেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” সিরি-এ লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। এই মৌসুমে
মিলানের হয়ে তার আর মাঠে নামা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের জন্য
তাকে হয়তো একটি ‘প্রতিরক্ষামূলক মাস্ক’ পরে মাঠে নামতে দেখা যেতে পারে।
ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ
মদ্রিচের সঙ্গে কথা বলেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। দালিচ বলেন, “লুকা আমাদের দলের নেতা। আমি নিশ্চিত যে
তিনি বিশ্বকাপে খেলার জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবেন। ক্রোয়েশিয়া দল তার পেছনে
সম্পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আত্মবিশ্বাসী যে গ্রীষ্মের এই বড় আসরে তিনি
আমাদের নেতৃত্ব দেবেন।” রিয়াল মাদ্রিদে ১৩টি ট্রফি-জয়ী মৌসুম কাটানোর পর গত বছর এসি
মিলানে এক বছরের চুক্তিতে যোগ দেন মদ্রিচ। এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে
শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে ক্রোয়েশিয়া রয়েছে 'গ্রুপ এল'-এ। সেখানে ১৭ জুন ইংল্যান্ড,
২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা।
বাংলাদেশের খবর/এম.আর

