পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫৩
তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না বরং বর্তমান পদে থেকেই আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে গ্যালারিতে ছাউনি
স্থাপন, সৌর বিদ্যুৎ প্রকল্প এবং প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন স্তর বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ
কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি।
গত কয়েকদিন ধরে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল
যে, নির্বাচনে অংশ নিতে হলে তামিমকে অ্যাড-হক কমিটির পদ ছাড়তে হবে।
এই প্রসঙ্গে তামিম সাফ জানিয়ে দেন, পদত্যাগের
কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। গঠনতন্ত্র যা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ
করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা আমার নেই।
আগামী ৩ মে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড
সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বিসিবির পরবর্তী নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
নির্ধারিত ৯০ দিনের মেয়াদের অন্তত ১৫ দিন আগেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন
উপহার দিতে চাই।
মিরপুর স্টেডিয়ামের দর্শকদের দুর্ভোগ
লাঘবে বড় উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে পূর্ব গ্যালারিতে যেখানে স্কোরবোর্ড রয়েছে,
সেখানে কোনো ছাউনি না থাকায় কড়া রোদে দর্শকদের প্রচণ্ড কষ্ট পেতে হয়।
তামিম জানান, "আমরা প্রায় ২৭ হাজার
বর্গফুটের একটি ক্যানোপি বা ছাউনি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এতে সাধারণ দর্শকরা রোদে
না পুড়ে খেলা দেখতে পারবেন।" এ ছাড়া পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত ও বিদ্যুৎ
সাশ্রয়ে স্টেডিয়ামের ছাদের ওপর সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক পরিকল্পনাও হাতে নেওয়া
হয়েছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র
পরিবর্তনের আভাস দিয়েছেন তামিম। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে গুটি কয়েক খেলোয়াড়ই
সব টুর্নামেন্ট (বিপিএল, বিসিএল, এনসিএল) খেলছেন। ফলে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগের
খেলোয়াড়দের উন্নতির কোনো মঞ্চ নেই।
এই সংকট দূর করতে প্রথম শ্রেণির ক্রিকেটে
'ফার্স্ট একাদশ' ও 'সেকেন্ড একাদশ' গঠনের পরিকল্পনা করছেন তিনি। এতে পাইপলাইনে থাকা
ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়বে এবং জাতীয় দলের জন্য ব্যাক-আপ খেলোয়াড় তৈরি হবে।
বোর্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে তামিম কঠোর
হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিসিবিতে আমার কোনো নিজস্ব লোক নেই। এখানে কোনো সিন্ডিকেট
থাকতে পারবে না। বিসিবি ছাড়া কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।" গত দেড় বছরে
বোর্ডের রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দায়িত্ব
পেলে টিভি স্বত্ব এবং আন্তর্জাতিক বিপণনে শতভাগ স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশের খবর/এম.আর

