ক্রিশ্চিয়ানো রোনালদো
সৌদি প্রো লিগের শিরোপা খরা কাটানোর খুব কাছে পৌঁছে গেছে আল নাসর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আল শাবাবকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ঐতিহাসিক গোলের মাইলফলক এবং সতীর্থ জোয়াও ফেলিক্সের অনবদ্য হ্যাটট্রিকে রিয়াদের ক্লাবটি এখন লিগ জয়ের স্বপ্নে বিভোর।
বয়সটা ৩৯ (কারো মতে ৪১) হলেও মাঠের পারফরম্যান্সে
ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এখনো চিরতরুণ। আল শাবাবের বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটে সাদিও
মানের বাড়ানো নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে বড় জয় নিশ্চিত করেন সিআরসেভেন। আর এই গোলের
মাধ্যমেই সৌদি প্রো লিগের ইতিহাসে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই
গোলের বন্যা বইয়ে দিচ্ছেন এই কিংবদন্তি। কেবল সৌদি লিগেই নয়, পেশাদার ফুটবল ক্যারিয়ারে
এটি ছিল তার ৯৭১তম গোল। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের যে অনন্য
স্বপ্ন তিনি দেখছেন, এই মাইলফলক তাকে সেই গন্তব্যের আরও কাছে নিয়ে গেল। চলতি মৌসুমে
এখন পর্যন্ত ২৬টি গোল করে ফর্মের তুঙ্গে রয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর মাইলফলক স্পর্শের রাতে আল নাসরের
জয়ের অন্যতম নায়ক ছিলেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। গত জুলাইয়ে চেলসি ছেড়ে
সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই নজর কাড়ছেন তিনি। এদিন আল শাবাবের বিপক্ষে দুর্দান্ত
এক হ্যাটট্রিক উপহার দেন তিনি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক
পূর্ণ করার পাশাপাশি দলের ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন ফেলিক্স।
মাঠের খেলায় রোনালদো ও ফেলিক্সের এই বোঝাপড়া
আল নাসরের আক্রমণভাগকে বর্তমানে এশিয়ার অন্যতম শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। এই জয়ের
পর ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল নাসর। দ্বিতীয় স্থানে
থাকা আল হিলাল এক ম্যাচ কম খেলে (৩১ ম্যাচে) ৭৭ পয়েন্ট সংগ্রহ করেছে। অর্থাৎ দুই দলের
মধ্যে এখন ৫ পয়েন্টের ব্যবধান। লিগে আল নাসরের আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। এই
দুই ম্যাচ জিততে পারলেই কোনো সমীকরণ ছাড়াই চার বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করবে তারা।
আল নাসর কোচ জর্জ জেসুস দলের পারফরম্যান্সে
উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “রোনালদো সবসময়ই প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর নাম, যা আজ সে আবারও প্রমাণ
করল। আমরা এখন আসন্ন ডার্বি ম্যাচের দিকে তাকিয়ে আছি। ছোটখাটো সব বিষয়ে আমরা মনোযোগ
দিচ্ছি যাতে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা যায়।”
আল নাসরের শিরোপা নির্ধারণের ক্ষেত্রে
সবচেয়ে বড় বাধা হতে পারে আগামী মঙ্গলবারের ম্যাচটি। রিয়াদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব
আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল। সেই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা
নিশ্চিত করার সুযোগ থাকবে আল নাসরের সামনে। তবে হার কিংবা ড্র তাদের হিসাব-নিকাশের
মুখে ফেলে দিতে পারে।
সৌদি আরবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো
মেজর ট্রফি জেতা হয়নি রোনালদোর। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতলেও লিগ বা
কিংস কাপে সফল হতে পারেননি তিনি। এবার লিগ জয়ের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন
না ফুটবল ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতা। ভক্তদের এখন অধীর অপেক্ষা—আগামী মঙ্গলবার রিয়াদ
ডার্বিতেই কি নিশ্চিত হবে আল নাসরের রাজ্যাভিষেক?
বাংলাদেশের খবর/এম.আর

