আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহারণ।
আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ রোববার ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
টুর্নামেন্টে এটি হবে বাংলাদেশের সপ্তম অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল টাইগ্রেসরা। ২০২৪ আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিল বাংলাদেশ।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ারে অপরাজিত থেকে সুপার সিক্স পর্বসহ পুরো প্রতিযোগিতায় শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, র্স্বণা আক্তার, রিতু মনি, রাবেয় খান, ফাহিদা খাতুন, ফারিহা ইলসাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতারা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
গ্লোবাল কোয়ালিফায়ারে খেলা দলের সঙ্গে এবারের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন নেই। অধিনায়ক হিসেবে থাকছেন জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্বে নাহিদা আক্তার। ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন জ্যোতি, শারমিন, সোবহানা ও দিলহারা। অলরাউন্ডার হিসেবে খেলবেন স্বর্ণা, রাবেয়া এবং রিতু।
বাংলাদেশের মূল শক্তি তাদের বোলিং আক্রমণ। স্পিন বিভাগ সামলাবেন নাহিদা, সুলতানা, সানজিদা ও ফাহিমা। প্রয়োজনে প্রস্তুত থাকবে র্স্বণা ও রাবেয়ার। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মারুফা আক্তার। তার টিমে রয়েছেন ফারিহা এবং রিতু।
আগামী ২৫ মে বাংলাদেশ থেকে রওনা দেবে নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবেন জ্যোতিরা। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরাশক্তিদের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা।
পরবর্তী ম্যাচগুলোতে ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শক্তিশালী এই প্রতিপক্ষদের বিপক্ষে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে টাইগ্রেসদের।
গ্রুপ পর্বের লড়াই শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।।
বাংলাদেশের বিশ্বকাপ সূচি
১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস- এজবাস্টন, বার্মিংহাম
১৭ জুন: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ- হেডলিং, লিডস
২০ জুন: পাকিস্তান বনাম বাংলাদেশ- হ্যাম্পশায়ার, সাউদাম্পটন
২৫ জুন: ভারত বনাম বাংলাদেশ- ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
২৮ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ- লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
বাংলাদেশের খবর/এইচআর

